ঝগড়া ছেলের সঙ্গে খুন হলেন এক মা
শরীয়তপুরে ছেলের সঙ্গে ঝগড়ার জের ধরে তাঁর মাকে হত্যা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার চরগাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই গ্রামের রুবেল মোল্যাকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত জ্যোৎস্না রানী (৫৫) চরগাজীপুর গ্রামের মৃত জীবন চন্দ্র দেবনাথের স্ত্রী।
সদর থানার পুলিশ জানায়, গতকাল সকালে জ্যোৎস্না রানীর ছেলে স্বপন দেবনাথ বাড়ির পাশেই গাজীপুর নতুন বাজারের স্বর্ণালংকারের দোকানে বসেছিলেন। ওই সময় প্রতিবেশী রুবেল মোল্যার সঙ্গে তাঁর ঝগড়া হয়। তখন রুবেলকে দোকান থেকে বের করে দেওয়া হয়। এর জের ধরে রুবেল বেলা সাড়ে ১২টার দিকে স্বপনদের বাড়িতে গিয়ে তাঁর মা জ্যোস্না রানীকে রড দিয়ে পেটান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জ্যোস্না রানীর ছেলে দুলাল দেবনাথ বলেন, ‘আমরা ব্যবসার কাজে বাড়ির বাইরে ছিলাম। রুবেল বাড়িতে মাকে হত্যা করেছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, রুবেল চরগাজীপুর গ্রাম থেকে গ্রেপ্তার হয়েছে। জ্যোৎস্না রানীর মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।