ঝগড়ার একপর্যায়ে গুলি, নোয়াখালীতে নিহত দুই
নোয়াখালীর বেগমগঞ্জের জগদীশপুর গ্রামে এক ব্যক্তির এলোপাতাড়ি গুলিতে দুজন নিহত ও চার নারীসহ পাঁচজন আহত হয়েছেন। পূর্বশত্রুতার জের ধরে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তি হলেন ব্যবসায়ী ইসমাইল হোসেন ওরফে খলিল (৪২) ও সেতারা বানু (৫৫)। ইসমাইল নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেতারা চন্দ্রগঞ্জ ন্যাশনাল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহত ব্যক্তিরা হলেন রোকসানা আক্তার (২২), মো. সামছু (৩০), পারভীন আক্তার (৩০), শিল্পী আক্তার (৩৫) ও মনোয়ারা বেগম (৬০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনু মিজি বাড়ির ইসমাইল ও তাঁর পক্ষের লোকজনের সঙ্গে একই বাড়ির আত্মীয় সবুজ ও তাঁর লোকজনের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি ওই বাড়ির পুকুরঘাট থেকে সবুজের মুঠোফোন খোয়া যায়। এ নিয়ে গতকাল সকালে ইসমাইলের সঙ্গে সবুজের বাগিবতণ্ডা হয়। ইসমাইলের ভাবি রোকসানা আক্তারসহ অন্যরা ঝগড়া থামাতে আসেন। একপর্যায়ে সবুজ ঘর থেকে একটি আগ্নেয়াস্ত্র এনে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যান। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিমবাজার থেকে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ সবুজকে গ্রেপ্তার করেছে। নিহত ইসমাইল চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ী ছিলেন। ইসমাইলের ভাই সহিদউল্লাহ দাবি করেন, মুঠোফোন হারিয়ে যাওয়ার আগে সবুজ তাঁদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এসব বিষয় নিয়ে সবুজ গতকাল ঝগড়া বাধান। বেগমগঞ্জ থানার ওসি নাজিমউদ্দিন বলেন, সবুজ সন্ত্রাসী বাহিনীর সদস্য। ওই ঘটনায় মামলা হবে।