ঝগড়ার জের সহকর্মীর হাতে পোশাককর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকর্মীর সঙ্গে ঝগড়ার জের ধরে খুন হয়েছেন পোশাককর্মী পারভেজ হোসেন (২২)। গত মঙ্গলবার রাত ১১টার দিকে নগরের ডবলমুরিং থানার ওয়াপদা গেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে নিহত পারভেজের পাঁচ সহকর্মীকে গতকাল বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। পারভেজ লক্ষ্মীপুর সদর থানার রশীদপুর এলাকার আবুল কালামের ছেলে।গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন: মঞ্জুরুল ইসলাম (১৮), মো. হানিফ (৩০), মো. স্বপন (২৬), নুরুন্নবী (২৬) ও মো. শাহজাহান (২০)। এই পাঁচজনই নগরের দেওয়ানহাট এলাকার টেকনো গার্মেন্টসে আয়রনম্যান হিসেবে কর্মরত। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) আরেফিন জুয়েল প্রথম আলোকে বলেন, তিন দিন আগে পারভেজের সঙ্গে সহকর্মী মঞ্জুরুলের ঝগড়া হয়। মঞ্জুরুল কয়েকজন সহকর্মীর সহযোগিতায় ওই ঘটনার প্রতিশোধ নিতে চেয়েছিল। গত মঙ্গলবার রাতে কর্মস্থল থেকে ফেরার পথে পারভেজের ওপর হামলা চালায় তারা। এসি বলেন, ধস্তাধস্তির একপর্যায়ে পারভেজের পেটে ছুরিকাঘাত করা হয়। রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।গ্রেপ্তার হওয়া মঞ্জুরুল ইসলাম বুধবার সন্ধ্যায় ডবলমুরিং থানায় প্রথম আলোকে বলেন, ‘গত শনিবার ফ্যাক্টরির ৪০টি শার্ট চুরি করে পারভেজ। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সে আমাকে গালি দেয় ও মারধর করে। সহকর্মীরা আমাদের মধ্যে মিটমাট করে দেয়। পরদিন রোববার সে আবার আমাকে মারধর করার হুমকি দেয়।’ প্রতিশোধ নিতে পারভেজকে মারধর করার জন্য হানিফ ও স্বপনকে ৫০০ টাকা দেওয়ার কথা স্বীকার করে মঞ্জুরুল বলেন, ওই দুজন নুরুন্নবী ও শাহজাহানকে নিয়ে আসে। গত মঙ্গলবার রাতে ফ্যাক্টরি ছুটির পর পূর্ব রামপুরার বাসায় ফিরছিল পারভেজ। ওয়াপদা মোড় এলাকায় পথরোধ করে পারভেজকে ছুরি মারে হানিফ ও স্বপন।তবে হানিফ ও স্বপন নিহত পারভেজকে ছুরিকাঘাত করার অভিযোগ অস্বীকার করেছেন।