মুন্সিগঞ্জের সিরাজ-দিখান উপজেলার রামকৃষ্ণদী গ্রামের সপ্তম শ্রেণির স্কুলছাত্র বাহার আলিফকে (১৪) কুপিয়ে খুন করার ঘটনায় পুলিশ গতকাল শনিবার সন্দেহভাজন এক তরুণকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে আলিফকে হত্যার কথা তিনি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
গত শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ির পাশে একটি খালের পানি থেকে আলিফের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। আলিফ সিরাজদিখান উপজেলার শেখ মিয়ার হোসেন উচ্চবিদ্যালয়ের ছাত্র। তার বাবা উপজেলার লতব্দি ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের সৌদিপ্রবাসী শেখ বাদল হোসেন। এ ঘটনায় আলিফের চাচা মো. মুক্তি বাদী হয়ে হৃদয়কে আসামি করে গতকাল থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় পুলিশ গতকাল শনিবার একই গ্রামের বাসিন্দা হৃদয় নামের সন্দেহভাজন ওই তরুণকে গ্রেপ্তার করে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে হৃদয় জানিয়েছেন, আলিফ তাঁকে চাকু কেনার জন্য ৩০০ টাকা দিয়েছিল। সেই টাকায় হৃদয় চাকু কিনলেও হৃদয়কে তা না দেওয়ায় তাদের মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে হৃদয় আলিফকে ওই চাকু দিয়েই হত্যা করে লাশ পানিতে ফেলে দেয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আলিফ গত শুক্রবার জুমার নামাজের পর বাড়ি থেকে বের হয়। অনেকক্ষণ পর বাড়ি না ফিরলে ও পরে মুঠোফোন বন্ধ পাওয়া গেলে তার সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে বিকেলে বাড়ির পাশে একটি খালের কচুরিপানার নিচ থেকে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ আলিফের লাশ উদ্ধার করে।
এদিকে আলিফের লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন হিসেবে শুক্রবার আটক করা চারজনকে পরে ছেড়ে দেওয়া হয়েছে।