ঝড় ও শিলাবৃষ্টিতে ধান ও ভুট্টার ক্ষতির আশঙ্কা চলনবিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দিনের ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নাটোরের সিংড়া উপজেলার শেরকোলে বোরোর খেত। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো
দুই দিনের ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নাটোরের সিংড়া উপজেলার শেরকোলে বোরোর খেত। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো

কয়েক দফা ঝড় ও শিলাবৃষ্টিতে নাটোরের চলনবিল এলাকার বিস্তৃত জমির ধান ও ভুট্টাগাছ মাটিতে নুয়ে পড়েছে। একটানা রোদ না হলে এসব ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।
সিংড়া উপজেলা কৃষি কার্যালয় ও কৃষকদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতি ও শুক্রবার রাতে কয়েক দফায় ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার চলনবিল এলাকার প্রায় ৩০ হাজার হেক্টর কাঁচা-পাকা বোরো ধান ও ৩০০ হেক্টর ভুট্টাগাছ মাটির সঙ্গে লেপ্টে যায়। কয়েক দিন টানা রোদ না পেলে এসব ফসল পচে যেতে পারে।
ডাহিয়া গ্রামের কৃষক আবদুল আলিম বলেন, দুই দিনের ঝড়-বৃষ্টিতে তাঁর ৩০ বিঘা জমির ধানগাছ মাটিতে নুয়ে গেছে। কয়েক দিন রোদ না হলে এসব ধানগাছ আর দাঁড়াতে পারবে না। এতে ফসল উৎপাদন কমে যাবে।
একই আশঙ্কার কথা জানিয়েছেন সাতপুকুরিয়া গ্রামের এন্তাজ আলী ও টগর হোসেন এবং চৌগ্রামের আতাউল গণি ও শেরকোলের ব্রজেন দাস। তাজপুরের ভুট্টাচাষি মহসিন আলী বলেন, ঝড়ে তাঁর সাত বিঘা জমির ভুট্টাগাছ মাটিতে নুয়ে পড়ে। এতে তাঁর ফলন অর্ধেক কমে যাবে বলে তিনি আশঙ্কা করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, টানা কয়েক দিন রোদ হলে ধানগাছ আবার সোজা হয়ে উঠবে। তাতে উৎপাদন ব্যাহত হবে না। রোদ না উঠলে ক্ষতির আশঙ্কা আছে। এ ক্ষেত্রে তিনি ধান ও ভুট্টাচাষিদের কাঠি দিয়ে ফসল তুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন।