ঝড়-বজ্রপাতে দুই জেলায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড় ও বজ্রপাতে আজ বুধবার ফরিদপুর ও নাটোরে স্কুলছাত্রীসহ তিনজন নিহত হয়েছে। ঝড়ে ফরিদপুরে দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছ।

ফরিদপুর: দুপুর সোয়া ১২টার দিকে বোয়ালমারী উপজেলার সাতৈর, ঘোষপুর ও দাদপুর ইউনিয়নে প্রবল ঝড় আঘাত হানে।

সাতৈর ইউনিয়নে ঝড়ের সময় পুকুরে গোসল করে বাড়ি ফেরার সময় গাছের নিচে চাপা পড়ে প্রিয়া (১৪) নামের এক স্কুলছাত্রী আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। প্রিয়া ছেরাপুর গ্রামের মোহন প্রামাণিকের মেয়ে। সে সাতৈর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

ঝড়ে একই ইউনিয়নের বেড়াদি গ্রামের বাবুল শেখ (৪০) ঘর চাপা পড়ে মারা যান। এ ছাড়া ঝড়ের সময় বজ্রপাতে আহত হয়েছেন ঘোষপুর ইউনিয়নের লঙ্কার চর গ্রামের কলিন্স রায় (২৫)। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝড়ের পর দুর্গত এলাকা পরিদর্শন করেছেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহিদুজ্জামান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ঝড়ে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে। এখন তালিকা প্রণয়নের কাজ চলছে। তিনি জানান, ঝড়ে নিহত দুই পরিবারের সদস্যদের উপজেলা পরিষদ থেকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।

ফরিদপুর আঞ্চলিক আবহাওয়া কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা সুরজুল আমিন বলেন, ‘বোয়ালমারীতে টর্নেডো হয়েছে। তবে টর্নেডোর মাত্রা আমাদের পক্ষে পরিমাপ করা সম্ভব নয়।’

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বিয়াস গ্রামে বজ্রপাতে কৃষক শফিকুল ইসলাম (৩৮) মারা গেছেন।

সুকাশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাহার আলী প্রথম আলোকে জানান, সকাল সাতটার দিকে মাঠে গরু চড়াতে যান শফিকুল। সেখানে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।