ঝড়বৃষ্টি ও অজানা কারণে নগরীর অনেক এলাকা বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়বৃষ্টির কারণে গত রোববার রাতে রাজধানীর অনেক এলাকায় বিদ্যুতের সংযোগ ছিল না। কিছু কিছু এলাকা টানা দীর্ঘ সময় বিদ্যুৎহীন ছিল। রোববার দুপুরের সামান্য বৃষ্টিতেও কোনো কোনো এলাকার বিদ্যুৎ চলে যায়।
অন্যদিকে ঝড়বৃষ্টি ছাড়াই নগরীর কিছু স্থানে গতকাল সোমবারও দফায় দফায় বিদ্যুৎ যাওয়ার ঘটনা ঘটেছে।
কলাবাগানের বশীরউদ্দিন রোড এলাকায় রোববার রাত ১০টা থেকে টানা আড়াই ঘণ্টা বিদ্যুৎ ছিল না বলে জানিয়েছেন এলাকার বাসিন্দা মাহমুদুল ইসলাম। তিনি বলেন, ঝড়বৃষ্টি শুরু হলে হঠাৎ ট্রান্সফরমার বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এতে সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ চলে যায়। পরে আসে রাত সাড়ে ১২টার দিকে। ঘরে কিছুক্ষণ ইমার্জেন্সি বাতি জ্বালিয়ে আলোর ব্যবস্থা করা হয়। কিছুক্ষণের মধ্যেই বাতির চার্জ চলে যায়। এ সময় অন্ধকার ছাড়াও বৈদ্যুতিক পাখার অভাবে ভোগান্তিতে পড়তে হয়। কারণ বৃষ্টি হলেও আবহাওয়া বেশ গরম ছিল।
একই এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম জানান, রোববার রাতে ঝড়বৃষ্টির কারণে বিদ্যুৎ যাওয়ার ঘটনা ঘটে। কিন্তু গতকাল সোমবার দুপুরেও প্রায় এক ঘণ্টা বিদ্যুৎ ছিল না। এটা কেন হয়েছে, এলাকাবাসী জানতে পারেননি।
আর কে মিশন রোডে রোববার রাত ১০টার কিছু পরে বিদ্যুৎ চলে যায়। আসে প্রায় দেড় ঘণ্টা পর। ওয়ান টু নাইনটি নাইন শপিং সেন্টারের পাশের একটি বহুতল ভবনের বাসায় গত রোববারই উঠেছেন একটি বেসরকারি সংস্থায় কর্মরত রশিদুর রহমান। ভোগান্তির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, রাতে বৃষ্টির সময় হঠাৎ যখন বিদ্যুৎ চলে যায়, তখন পর্যন্ত রান্নাবান্না কিছুই হয়নি। পরে বিদ্যুৎ আসার লক্ষণ না দেখে অন্ধকারেই চুলা ধরান তাঁর স্ত্রী। তিনি মুঠোফোনের টর্চ জ্বালিয়ে ধরেছিলেন। কোনো রকমে ভাতে আলু দিয়ে সিদ্ধ করেন তাঁর স্ত্রী।
বকশীবাজারের পাশে লালবাগের খাজে দেওয়ান রোডে গত রোববার দুপুর এবং রাতের বৃষ্টিতে বিদ্যুৎ চলে যায়। এলাকার ৫৩/২ নম্বর বাড়ির বাসিন্দা আবু মুসা বলেন, রাতে বিদ্যুৎ যাওয়ার প্রায় এক ঘণ্টা পর চলে আসে। কিন্তু এরপর আরও তিন দফা বিদ্যুৎ যাওয়ার ঘটনা ঘটে। রোববার বেলা তিনটার দিকের স্বল্প সময়ের হালকা বৃষ্টিতেও বিদ্যুৎ চলে যায়। ওই এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, গরম শুরু হতে না হতেই এলাকায় দিনে-রাতে তিন থেকে চার দফা বিদ্যুৎ যাওয়ার ঘটনা ঘটছে। ঝড়বৃষ্টি বা অন্য কোনো কারণ ছাড়াই কয়েক দিন ধরে এমনটা চলছে।
সিদ্ধেশ্বরী রোড এলাকাতেও রোববার গভীর রাতে বিদ্যুৎ যাওয়ার ঘটনা ঘটে। মিরপুর ১৪ নম্বর সেকশনের বউ বাজারের পাশের আবাসিক এলাকায় ঝড়বৃষ্টি ছাড়াই রোববার সন্ধ্যা সাতটার দিকে বিদ্যুৎ চলে যায়।
পরিবাগে অবস্থিত ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) স্কাডায় যোগাযোগ করা হলে বলা হয়, প্রধানত ঝড়বৃষ্টির কারণেই অনেক স্থানে রোববার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এ ছাড়া কোনো কোনো এলাকায় যান্ত্রিক কারণে বিদ্যুৎ যেতে পারে। তবে এখন পর্যন্ত নগরীর কোথাও লোডশেডিং দেওয়া হয়নি।