ঝড়বৃষ্টির আভাস আছে, দেখা নেই
জ্যৈষ্ঠের শুরুতে বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। কিন্তু গত কয়েক দিনে বৃষ্টির তেমন দেখা নেই। তাই ভ্যাপসা গরমে গুমোট ভাব।
তবে আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে জানিয়েছে, দমকা থেকে ঝোড়ো হাওয়াসহ ঝড়-বৃষ্টি হতে পারে।
গত বৃহস্পতিবার সিলেট, বরিশাল ও মাদারীপুর জেলায় কিছুটা বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আজ সকালে দেওয়া তথ্যানুযায়ী, গত ১২ ঘণ্টায় বৃষ্টি-শূন্য ছিল সারা বাংলাদেশ। এর সঙ্গে যোগ হয়েছে তীব্র তাপপ্রবাহ, যা বয়ে চলেছে ঈশ্বরদী, সৈয়দপুর, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে বইছে।
এ ছাড়া ঢাকা, বরিশাল বিভাগসহ চাঁদপুর ও মাইজদী কোর্ট এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগেও মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। তাই গরম বেশ বেড়েছে। এমন গরম আরও কিছু দিন থাকবে।
বৃহস্পতিবার যশোর ছিল ৪১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সেটি বৃদ্ধি পেয়ে হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। একই সময়ে রাজধানী ঢাকায় তাপমাত্রা ৩৬ দশমিক ৭ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।