ঝড়ে আমের ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় কালবৈশাখীতে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। গত শনিবারের ওই ঝড়ে বাগানগুলোর প্রায় ২৫ শতাংশ আম গাছ থেকে ঝরে পড়ে গেছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ১ হাজার ২৩০ হেক্টর (এক হেক্টরে প্রায় সাড়ে সাত বিঘা) জমিতে আম চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় ২৩৮ হেক্টর বেশি। এখানকার কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে অতিরিক্ত চাষ হওয়া আমের ২৩৮ হেক্টরের বেশির ভাগই উচ্চফলনশীল (উফশী) আম্রপালি জাতের। জেলায় মোট আমবাগানের ৩০ শতাংশে আম্রপালি এবং বাকি বাগানগুলোতে হিমসাগর, ল্যাংড়া, বোম্বাইসহ অন্যান্য জাতের আম চাষ হচ্ছে। বোঁটার গোড়া নরম হওয়ায় ঝড়ে ল্যাংড়া ও আম্রপালির বেশি ক্ষতি হয়েছে।
সদর উপজেলার শংকরচন্দ্র, হানুরবারাদি; দামুড়হুদার জয়রামপুর ও পৌর এলাকার কয়েকটি বাগান ঘুরে দেখা যায়, প্রচুর আম মাটিতে পড়ে আছে। আশপাশের বাড়ির শিশুরা ও বাগানের লোকজন সেগুলো কুড়াচ্ছেন। এর মধ্যে শংকরচন্দ্র ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের বাগানগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
চুয়াডাঙ্গা বড় বাজারের পাইকারি পট্টিতে গিয়ে দেখা গেছে, ১৫০ থেকে ২৫০ গ্রাম ওজনের প্রতি কেজি আমের দাম তিন থেকে চার টাকা হাঁকা হচ্ছে। কিন্তু ক্রেতা তেমন নেই। দামুড়হুদা উপজেলার শিবনগর এলাকার আমচাষি জাহাঙ্গীর আলম জানালেন, ঝরে পড়া আম বাজারে বিক্রি করে গাড়ির ভাড়াও উঠবে না।
জেলা আম ব্যবসায়ী সমিতির সহসভাপতি কুদ্দুস মহলদার জানান, এবার অনেক আগে থেকেই পরিচর্যা করায় প্রতি হেক্টর বাগানের আম বিক্রি করে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা পাওয়া যেত। ঝড়ের কারণে সেখানে হেক্টরপ্রতি ৮০ হাজার থেকে ১ লাখ টাকা আয় কম হবে। সব মিলিয়ে এ খাতে ক্ষতির পরিমাণ দাঁড়াবে ১০ কোটি টাকা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নির্মল কুমার দে জানান, শনিবার রাতের ঝড়ে আম কিছুটা পড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষতি হবে না; বরং গাছে থাকা আমগুলো আকারে বড় হওয়ার সুযোগ পাবে।