ঝড়ে কুষ্টিয়া ও ফরিদপুরে আরও তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে গত শনিবার বয়ে যাওয়া প্রচণ্ড ঝড়ের পর গতকাল সোমবার এবং এর আগের দিনও কিছু স্থানে ঝড় হয়েছে। ঝড়ে কুষ্টিয়া ও ফরিদপুরে মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে গত তিন দিনে ঝড়ে মারা গেলেন ৩৯ জন।
কুষ্টিয়ার কয়েকটি উপজেলায় গত রোববার দিবাগত রাত তিনটার দিকে বয়ে যায় কালবৈশাখী। এতে দুই নারী মারা গেছেন। আহত হয়েছেন একজন। ঝড়ে বোরো ধানসহ প্রায় পাঁচ হাজার হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন গতকাল বিকেলে দুজন নিহত হওয়ার বিষয় নিশ্চিত করেছেন। নিহত দুই নারী হলেন কুষ্টিয়া সদর উপজেলার বাঘডাঙ্গা গ্রামের নেহারুন নেছা (৫০) ও আবদালপুর গ্রামের রাহেলা আক্তার (৭০)। আহত ব্যক্তি কর্দবাখইল গ্রামের শহর আলী (৫০)।
নেহারুন দেয়াল চাপা পড়ে মারা যান। আর ঝড়ের সময় আতঙ্কে অসুস্থ হয়ে পড়ার একপর্যায়ে মারা যান রাহেলা। এদিকে শহর আলী রাতে ঝড়ের মধ্যে নিখোঁজ ছিলেন। লোকজন গতকাল সকালে বাড়ির পাশে মাঠ থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তাঁর শরীরে শিলের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের তথ্যমতে, ঝড় ও শিলাবৃষ্টিতে সদর, মিরপুর, দৌলতপুর, কুমারখালী উপজেলার সহস্রাধিক বাড়িঘরের টিনের চাল দুমড়ে-মুচড়ে গেছে। নষ্ট হয়েছে সহস্রাধিক হেক্টর জমির ফসল। উপড়ে গেছে এবং ভেঙে পড়েছে শত শত গাছ।
নিখোঁজ জেলের লাশ উদ্ধার: ফরিদপুরে শনিবার ঝড়ে ট্রলারডুবিতে নিখোঁজ জেলে কালাম শেখের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে মাদারীপুরের শিবচর উপজেলার মাওয়া ঘাট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। কালাম ফরিদপুর সদর উপজেলার মমিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মৃত মোহাম্মদ শেখের ছেলে।
শনিবার ফরিদপুর সদর উপজেলার চরডোলই এলাকায় একটি ট্রলারে করে কালাম শেখ, চান মিয়া ও মো. দুলাল পদ্মায় মাছ ধরতে গিয়েছিলেন। সন্ধ্যায় ঝড়ে ট্রলারটি ডুবে যায়। চান মিয়া ও মো. দুলাল জীবিত উদ্ধার হলেও নিখোঁজ ছিলেন কালাম শেখ।
অন্যান্য স্থানের চিত্র: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গতকাল ভোরে ঝড়ে ছয়টি ইউনিয়ন লন্ডভন্ড হয়ে গেছে। বিধ্বস্ত হয়েছে পাঁচ শতাধিক কাঁচা ঘরবাড়ি। শিলাবৃষ্টিতে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে গেছে বহু গাছপালা। অন্তত ছয়জন আহত হয়েছেন।
এলাকাবাসী জানান, ভোর সাড়ে চারটার দিকে প্রচণ্ড বেগে ওই ঝড় ও শিলাবৃষ্টি হয়। আধা ঘণ্টার এ ঝড়ে পৌর এলাকা, ত্রিবেণী, কাঁচেরকোল, মির্জাপুর, সারুটিয়া ও দিগনগর ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম লন্ডভন্ড হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সরকার জানান, ৪৮০ হেক্টর জমির ধান মাটিতে মিশে গেছে।
এদিকে যশোরের অভয়নগর উপজেলায় গত রোববার দুপুরে বয়ে যাওয়া ঝড়ে ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের টিনের চাল উড়ে গেছে। উপজেলার প্রত্যন্ত এলাকায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা}