নোয়াখালীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের লাইন তিন দিনেও মেরামত করা হয়নি। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
গত মঙ্গলবার রাতে ঝড়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কের ‘জেড মোড়’ এলাকায় বিদ্যুৎ লাইনের পাঁচটি খুঁটি উপড়ে পড়ে।
এখনো বিদ্যুৎ লাইন মেরামত না করার প্রতিবাদে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গতকাল শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয় সড়কে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।
স্থানীয় বাসিন্দা আবদুল জলিল প্রথম আলোকে জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে ঝড়ে পাঁচটি খুঁটি উপড়ে যায়। এ ছাড়া আরও ১৫-১৬টি খুঁটি হেলে পড়ে। এতে পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। কিন্তু এখনো ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করা হয়নি।
বিশ্ববিদ্যালয় সড়কের পাশের মেসের শিক্ষার্থী শাহদাত হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের হলে আসন না পাওয়ায় প্রায় ৩০০ শিক্ষার্থী ক্যাম্পাসের আশপাশে বিভিন্ন মেসে থাকেন। তিন দিন ধরে বিদ্যুৎ না থাকায় তাঁদের পড়ালেখা ব্যাহত হচ্ছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাইফুল রহমান বলেন, মেরামত কাজ চলছে। শনিবার (আজ) বিকেল নাগাদ বিদ্যুৎ সরবরাহের সম্ভাবনা আছে।