ঝড়ে খুঁটি ভেঙে ধুনটের গ্রামগুলো বিদ্যুৎহীন
বগুড়ার ধুনট উপজেলার অধিকাংশ এলাকা এক সপ্তাহ ধরে বিদ্যুৎহীন। ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় এই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ। এতে সব শ্রেণি-পেশার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। তবে এইচএসসি পরীক্ষার্থীদের সমস্যা বেশি হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে আঘাত হানে কালবৈশাখী। এ সময় শিলাবৃষ্টিও হয়। ঝড়ে বিদ্যুতের ১৫টি খুঁটি ভেঙে সারা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ না থাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের রাতের বেলায় মোমবাতির আলোতে পড়তে হচ্ছে। এই অবস্থায় গত মঙ্গলবার রাতে শুধু উপজেলা শহরে বিদ্যুৎ সরবরাহ করা হলেও গতকাল শুক্রবার পর্যন্ত উপজেলার আরও ১০টি ইউনিয়নের শতাধিক গ্রামের ১৫ হাজার গ্রাহক বিদ্যুৎ পাননি। কৃষকেরা বিদ্যুৎ না থাকায় বোরো খেতে সেচ দিতে পারছেন না।
ফকিরপাড়া গ্রামের আনোয়ার হোসেন বলেন, ‘কদিন ধরে বিদ্যুৎ চালু না থাকায় ধানের জমিতে পানি দিতে পারছি না। এ সময় জমিতে পানির সমস্যা হলে ধানগাছের অনেক ক্ষতি হবে।’
তারাকান্দি গ্রামের তোজাম্মেল হক বলেন, বাড়িতে বিদ্যুৎ না থাকায় ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে না। এতে এইচএসসি পরীক্ষার্থীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, এ সময় ধানখেতে সেচ দিতে না পারলে ফলন অনেকটাই বিপর্যয় হবে।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, তাঁদের লোকবল কম থাকায় এখন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পারেননি। আর কদিন লাগবে, তাও তাঁরা বলতে পারছেন না।
বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ধুনট অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শামসুল হক বলেন, ইতিমধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে নতুন খুঁটি দিয়ে লাইন মেরামতের কাজ চলছে। দু-এক দিনের মধ্যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।