ঝড়ে দুই জেলায় ছাত্রসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর ও কুষ্টিয়ার ওপর দিয়ে গত শনিবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখীর ছোবলে স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছেন। ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দুই জেলায় প্রায় ৩৫০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

মেহেরপুর: নিহত স্কুলছাত্রের নাম হূদয় (১৩)। সে গাংনীর ভরাট গ্রামের আবদুল করিমের ছেলে এবং জোড়পুকুর মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ত। ঝড়ের সময় বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যায় হূদয়। এ সময় তার ওপর গাছের ডাল ভেঙে পড়ে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সকালে মারা যায় সে। ঝড়ে গাংনীর আরও ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলায় তিন শতাধিক কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের তালিকা পাঠাতে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের বলা হয়েছে। মেহেরপুর পল্লী বিদ্যুৎ বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক শৈলেন্দ্র নাথ পাল জানান, গাছের ডালপালা পড়ে বিদ্যুৎ সরবরাহ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। অসংখ্য বৈদ্যুতিক খুঁটি পড়ে গেছে। ফলে শহর ছাড়া সব স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। পরিস্থিতি স্বাভাবিক হতে দুদিন লাগবে।

কুষ্টিয়া: ঝড়ে আমিরন নেছা (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। তাঁর বাড়ি দৌলতপুর উপজেলার সরিষাডুলি গ্রামে। রাত আটটার দিকে ঝড়ে নারকেল গাছের চাপায় তাঁর মৃত্যু হয়। এ ছাড়া উপজেলার কয়েকটি ইউনিয়নে প্রায় ৫০টি বাড়ি বিধ্বস্ত ও শতাধিক গাছপালা ভেঙে গেছে। গত ৩০ এপ্রিল একই এলাকায় টর্নেডোয় প্রায় ১৫০টি পরিবার নিঃস্ব হয়ে যায়।

একজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার মণ্ডল বলেন, ঝড়ে গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

রাস্তার ওপর পড়ে থাকা ভাঙা গাছপালা স্থানীয়ভাবে সরানোর ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে চাল বিতরণ করা হচ্ছে।