ঝড়ে দুজন নিহত, উপজেলা বিদ্যুৎ-বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার ওপর দিয়ে গতকাল মঙ্গলবার রাতে কালবৈশাখী বয়ে গেছে। এতে গাছ চাপা পড়ে দুজন নিহত হয়েছেন। পাশাপাশি ফসল, ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো উপজেলা। 

গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে ঝড় শুরু হয়। সঙ্গে ছিল প্রচণ্ড শিলাবৃষ্টি। ঝড় এবং শিলাবৃষ্টিতে ফসল, ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। রাস্তার ওপর গাছ উপড়ে পড়ায় উপজেলার বিভিন্ন স্থান যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমনকি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় এবং তার ছিঁড়ে যাওয়ায় উপজেলা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে রয়েছে।
নিহত দুই ব্যক্তির পরিবার জানায়, ঝড়ের সময় গাছ ভেঙে উপজেলার ধূলগ্রাম গ্রামের ফণীভূষণ মণ্ডলের ঘরের ওপর পড়ে। এ সময় ঘরে থাকা তাঁর স্ত্রী রিক্তা মণ্ডল নিহত হন। অপর দিকে, এক্তারপুর গ্রামের শাহিদা বেগম ঝড়ের সময় পার্শ্ববর্তী একটি বাড়িতে আটকা পড়েন। পরে বাড়ি ফেরার পথে তিনি গাছ চাপা পড়ে নিহত হন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রিজিবুল ইসলাম বলেন, ঝড়ে গাছ চাপা পড়ে দুজন মারা গেছেন। ফসল, ঘরবাড়ি ও গাছপালা ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করার চেষ্টা চলছে।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ নওয়াপাড়া আঞ্চলিক অফিসের উপমহাব্যবস্থাপক দিলীপ কুমার বাইন বলেন, ঝড়ে ২৫টি বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। অনেক জায়গায় গাছ পড়ে সঞ্চালন তার ছিঁড়ে গেছে। উপজেলার সর্বত্র বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রয়েছে। উপজেলার বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক হতে দু-তিন দিন সময় লাগবে।