ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝড়ে ক্ষতিগ্রস্ত চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কয়া গ্রামের একটি ভুট্টাখেত। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
ঝড়ে ক্ষতিগ্রস্ত চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কয়া গ্রামের একটি ভুট্টাখেত। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

দেশের দক্ষিণাঞ্চলে চার জেলায় গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার ঝড়-শিলাবৃষ্টিতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ঝড়ে পড়েছে আম ও লিচুর মুকুল। ভেঙে ও গলে যায় কাঁচা ইট। 
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোর: বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (গতকাল) সকাল পর্যন্ত যশোরে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর সূত্রে জানা গেছে, শিলাবৃষ্টি ও েঝাড়ো বাতাসে জেলার ১ হাজার ৫৬৭ হেক্টর জমির গম, ৭ হাজার ১৬৫ হেক্টর মসুর, ৩৮৪ হেক্টর আলু, ২ হাজার ৭৯০ হেক্টর সবজি, ১০৮ হেক্টর পানের বরজ, ২০০ হেক্টর ফুল, ৩৮০ হেক্টর আমের বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা জি এম আবদুর রউফ বলেন, শিলাবৃষ্টিতে যশোরের ফুল, গম, মসুর, সবজি ও কলা ১৫ শতাংশ, আম, ভুট্টা ও খেসারি ১০ শতাংশ এবং আলু ও পানের ৫ শতাংশ ক্ষতি হয়েছে।
কেশবপুর (যশোর): বুধবার রাতে হঠাৎ বৃষ্টির সঙ্গে শিল পড়ে ১২টি গ্রামের কাঁচা ঘর ও ফসলের ক্ষতি হয়েছে। চারটি গ্রামে গিয়ে দেখা গেছে, কেশবপুর পৌরসভার হাবাসপোল এলাকায় নিম্ন আয়ের মানুষের প্রায় ২০০ ঘরের টালি ও টিন নষ্ট হয়ে গেছে। উপজেলার রাজনগর বাকাবর্শী গ্রামের মাঠে পেকে ওঠা মসুরগাছ মাটির সঙ্গে মিশে গেছে। পাঁজিয়া গ্রামে অধিকাংশ গাছের আমের মুকুল ঝরে গেছে।
ঝিনাইদহ: মহেশপুর উপজেলায় বুধববার রাত তিনটা থেকে চারটা পর্যন্ত শিলাবৃষ্টি ও ঝড় হয়। এতে ২ হাজার ৫০০ হেক্টর জমির মসুর, ৭০০ হেক্টর গম ও ১০০ হেক্টর ভুট্টাখেত নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এ ছাড়া বাউকুল, আম ও লিচুর মুকুল ঝরে পড়েছে।
শুধু ফসল নয়, প্রাণহানি ঘটেছে দেশীয় প্রজাতির পাখির। ফিঙে, দোয়েল, শালিক, টিয়াসহ শত শত পাখি মারা গেছে। কমপক্ষে ৫০০ কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। উপজেলার পৌর এলাকা, যাদবপুর, শ্যামকুড়, লাটিমা, এসবিকে, আজমপুর, মান্দারবাড়িয়া, স্বরূপপুর ইউনিয়নে বেশি ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা জানান, মাঠকর্মীরা ক্ষতির পরিমাণ ও কৃষকদের নাম লিপিবদ্ধের কাজ করে যাচ্ছেন।
চুয়াডাঙ্গা: জীবননগর উপজেলায় গতকাল শিলাবৃষ্টিতে মাঠের ফসল এবং কাঁচা ও আধা পাকা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। সরেজমিন দেখা গেছে, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া ও বেণীপুর গ্রামে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। গ্রাম দুটিতে মাঠের পর মাঠজুড়ে গম, মসুর, ভুট্টা, শাকসবজি ও তামাকখেত মাটিতে লুটিয়ে পড়েছে।
জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ৫৫০ হেক্টর জমির মসুর, ৫৮০ হেক্টর গম, ৬০ হেক্টর ধনিয়া, ২৫০ হেক্টর আলু, ৪৫০ হেক্টর শাকসবজি, ৫০ হেক্টর পেঁয়াজ, ৭০ হেক্টর রসুন, ১০০ হেক্টর তামাক, ১৫০ হেক্টর কলা, ৪০ হেক্টর পাম ও ২০০ হেক্টর আমের ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ জানান, শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
মেহেরপুর: বুধবার বেলা দুইটার দিকে এবং রাতে মেহেরপুর সদরের পৌর এলাকা, গাংনী ও মুজিবনগর উপজেলায় শিলাবৃষ্টি হয়।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক জাহিদুল আলম জানান, শিলাবৃষ্টিতে জেলায় ১৭ হাজার ৪১৩ হেক্টর জমির মধ্যে ১৭ হাজার ৭১ হেক্টর জমির গমগাছ হেলে পড়েছে। ৬০০ হেক্টর মসুরগাছ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭০ হেক্টর তামাকগাছের পাতা নষ্ট হয়ে গেছে। তিনি আরও জানান, শিলে ১২৫ হেক্টর জমির বাগানের আমের পুরো ফলন নষ্ট হয়ে গেছে। এ ছাড়া আট হেক্টর পেঁয়াজের বীজ এবং ২৩ হেক্টর আলু, ভুট্টা ও শজিনার ব্যাপক ক্ষতি হয়েছে।
জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি গোলাম রসুল জানান, বুধবারের আকস্মিক শিলাবৃষ্টিতে প্রায় এক কোটি ইট ভেঙে ও গলে নষ্ট হয়ে গেছে।
উপপরিচালক জাহিদুল আলম জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ফরিদপুর: বুধবার সন্ধ্যার েঝাড়ো বাতাসে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের গোমরা গ্রামে অবস্থিত গোমরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের ৭০ ফুট লম্বা ও ১৫ ফুট চওড়া টিনের একমাত্র ঘরটি ধসে পড়েছে। গতকাল শিক্ষার্থীদের গাছতলায় পড়ানো হয়েছে।
বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম ফকির জানান, ওই বিদ্যালয়টি জাতীয়করণের প্রক্রিয়াধীন। তাই সরকারিভাবে কতটুকু সাহায্য পাওয়া যাবে জানি না। তবে পরিষদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহায়তা দেওয়া হবে।