ঝড়ে বহু বাড়িঘর বিধ্বস্ত

ঝিনাইদহের কালীগঞ্জে গত বুধবার রাতে ঝড়ে কয়েক শ কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। একই দিন সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারীতে ঝড়ে শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। উপড়ে গেছে শত শত গাছপালা।
কালীগঞ্জের কোলা ইউনিয়নের কামালহাট, বিনোদপুর, কাদিরডাঙ্গা, খড়িকাডাঙ্গা, রাকড়া, পান্তাপাড়া, রামচন্দ্রপুরসহ ১০টি গ্রামের মাঠের ধান, কলাসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রথম আলোর প্রতিবেদক খড়িকাডাঙ্গা গ্রামে গেলে কথা হয় কৃষক শুকুর আলীর সঙ্গে। তিনি বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে গ্রামের ওপর দিয়ে প্রচণ্ড গতিতে ঝড় বয়ে যায়। এতে তাঁর দুটি বসতঘর, একটি গোয়ালঘর ও রান্নাঘর মাটির সঙ্গে মিশে যায়। এখন তাঁকে পরিবারের লোকজন নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে। তিনি আরও বলেন, গ্রামের শাহাজান আলী, বাবলুর রহমান, আনছার আলী, সাখাওয়াত হোসেন, আবদুল গাজী, বিপুল হোসেনসহ অধিকাংশ কৃষক পরিবারের একই অবস্থা হয়েছে।
কোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আয়ুব হোসেন বলেন, ঝড়ে তাঁর ইউনিয়নের কমপক্ষে ১০টি গ্রামের বহু বসতঘর ও ফসলের খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে ১৫০টি পরিবার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে। কৃষকের সবজিখেত ও বনজ বৃক্ষগুলো দুমড়ে-মুচড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ইউনিয়নের ২২ হেক্টর জমিতে কলার চাষ হয়েছে। তার ১০ শতাংশ নষ্ট হয়ে গেছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানোয়ার হোসেন মোল্লা বলেন, ক্ষতিগ্রস্ত ১২০টি পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে।
এদিকে বুধবার সন্ধ্যা সাতটার দিকে বোয়ালমারী উপজেলার চাঁদপুর ইউনিয়নের আজলবেড়া, চর চাঁদপুর ও ধোপাডাঙ্গা গ্রামের ওপর দিয়ে টর্নেডো বয়ে যায়। পাঁচ মিনিটের আঘাতে তিনটি গ্রামের শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।
ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কায়েশ শেখ বলেন, ওই দিন বিকেল থেকে বৃষ্টি শুরু হয়। সন্ধ্যা সাতটার দিকে বৃষ্টি প্রায় বন্ধ হয়ে যায়। হঠাৎ ঝোড়ো বাতাস বইতে শুরু করে। মুহূর্তেই ওই তিনটি গ্রামে ব্যাপক ক্ষতি হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। শত শত গাছ ভেঙে গেছে। লিচুবাগান, আমবাগান, কাঁঠালবাগান দুমড়ে-মুচড়ে গেছে। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চর চাঁদপুর
গ্রামের লোকজন। গ্রামের হানিফ রাঢ়ীসহ (৩৫) পাঁচজন আহত হন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘরবাড়ি হারিয়ে লোকজন চর চাঁদপুর সড়কের ওপর আশ্রয় নিয়েছেন।
চরচাঁদপুর গ্রামের রিকশা-ভ্যানচালক শহীদুল ইসলাম বলেন, ‘ঝড়ে আমার দুটি বসতঘর ধূলিসাৎ হয়ে গেছে। এখন আমি স্ত্রী ও চার ছেলে-মেয়ে নিয়ে রাস্তার ওপর আশ্রয় নিয়েছি।’ একই গ্রামের আবু বকর শেখ, মস্তক ফকির, শহীদ মোল্লা, রফিক মোল্লাসহ আরও অনেকের পরিবারের একই অবস্থা হয়েছে। ধোপাডাঙ্গা গ্রামের রমজান মাতুব্বরসহ অনেকে ঘর হারিয়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন।
চাঁদপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য লাইলী পারভীন বলেন, ‘ঝড়ে শতাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে। গাছের যে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা না দেখলে বোঝা যাবে না।’
বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, ‘আমি, ইউএনও মো. সহিদুজ্জামান ও আওয়ামী লীগের স্থানীয় নেতাদের নিয়ে দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে কিছু সাহায্য করেছি।’