ঝড়ে বাবা-ছেলেসহ প্রাণ গেল পাঁচজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝড়ে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কয়েক শ ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ছবি: সুমন মোল্লা
ঝড়ে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কয়েক শ ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ছবি: সুমন মোল্লা

কালবৈশাখীতে কিশোরগঞ্জের চার উপজেলায় গাছের চাপায় বাবা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে জেলার পাকুন্দিয়া উপজেলায় দুজন, কটিয়াদীতে একজন, বাজিতপুরে একজন এবং কুলিয়ারচরের একজন। গতকাল শনিবার সন্ধ্যা থেকে রাত একটার মধ্যে এসব প্রাণহানির ঘটনা ঘটে। এ ছাড়া ভৈরবে কয়েক শ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও বিধ্বস্ত হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুনের ভাষ্য, জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি গ্রামে গতকাল রাত সাড়ে ১২টা থেকে একটার দিকে ঝড়ে একটি রেইনট্রি ভেঙে ঘরের চালার ওপর পড়ে। এ সময় গাছের চাপায় ঘরের ভেতর ঘুমিয়ে থাকা বাবা হযরত আলী (৩৫) এবং তাঁর সাত বছর বয়সী ছেলে রিজন মিয়ার মৃত্যু হয়। ঝড়ে পাকুন্দিয়ায় কয়েকটি ঘর বিধ্বস্ত হয়েছে। সবজি ও ধানখেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কটিয়াদী থানার ওসি হেদায়াতুল ইসলামের ভাষ্য, কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের কাজীরচর গ্রামে গতকাল রাত সাড়ে ১২টার দিকে গাছচাপায় মারা যান আ. মান্নান মিয়া (৬০)। ঝড়ে ভেঙে পড়া গাছ এসে ঘরের চালায় পড়ে। এতে চালা ভেঙে গাছ চাপা পড়ে গুরুতর আহত হন। তাঁকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।

ঝড়ে বিধ্বস্ত ঘর। ছবি: সুমন মোল্লা
ঝড়ে বিধ্বস্ত ঘর। ছবি: সুমন মোল্লা

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামানের ভাষ্য, গতকাল সন্ধ্যা সাতটার দিকে পৌর শহরের পৈলানপুর মহল্লায় মাছ বিক্রি করে সিএনজিচালিত অটোরিকশায় করে ফিরছিলেন শীতল চন্দ্র বর্মণ (৩২)। এ সময় ঝড়ে একটি গাছ ভেঙে অটোরিকশায় গিয়ে পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ঝড়ে ওই উপজেলার ছয়সূতি বাসস্ট্যান্ডের কমপক্ষে ২০টি ঘর বিধ্বস্ত হয়েছে বলে জানান স্থানীয়রা।

বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জমিরউদ্দিনের ভাষ্য, উপজেলার দিলালপুর ইউনিয়নের তাতালচর গ্রামে গতকাল সন্ধ্যায় ঝড়ের সময় রিমা আক্তার (১০) নামের এক শিশু দৌড়ে উঠান থেকে ঘরে ফিরছিল। এ সময় গাছের একটি ডাল তার মাথায় পড়ে। আহত অবস্থায় তাকে প্রথমে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভৈরবে কয়েক শ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ঝড়ে ভৈরব উপজেলার আগানগর, শিমুলকান্দি, শ্রীনগর ও সাদিকপুর ইউনিয়নের কয়েক শ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও বিধ্বস্ত হয়েছে। ভৈরবের সাদিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আজ রোববার প্রথম আলোকে জানান, তাঁর এলাকার মসজিদ, মাদ্রাসাসহ ২৫০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও বিধ্বস্ত হয়েছে।

ভৈরব উপজেলার আগানগর গ্রামে ঝড়ে এভাবেই ভেঙে পড়েছে টিনের ঘর। ছবি: সুমন মোল্লা
ভৈরব উপজেলার আগানগর গ্রামে ঝড়ে এভাবেই ভেঙে পড়েছে টিনের ঘর। ছবি: সুমন মোল্লা

আগানগর ইউপির চেয়ারম্যান সেলিম আহমেদের ভাষ্য, লুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়, আয়েশা সিদ্দিকী মহিলা মাদ্রাসা এবং লুন্দিয়া উত্তরপাড়া মসজিদসহ তাঁর এলাকায় ১০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও বিধ্বস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে তিনি আশঙ্কা করছেন।

লুন্দিয়া গ্রামটি পরিদর্শন করছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ। তাঁর ভাষ্য, তিনি ক্ষতিগ্রস্ত ২৫টি ঘরবাড়ি দেখেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ আগানগর ইউনিয়নেই এক কোটি টাকা হবে। শ্রীনগর  ইউপির  চেয়ারম্যান মোশাররফ হোসেনের ভাষ্য, তাঁদের ইউনিয়নের প্রায় ১৫০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও বিধ্বস্ত হয়েছে।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের ভাষ্য, ঘটনাস্থলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। মাঠপর্যায়ে কাজ চলছে। ঝড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।