ঝড়ে বিধ্বস্ত বিদ্যালয় মাঠে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড ঘরটি ৬ মে রাতের কালবৈশাখীতে বিধ্বস্ত হয়েছে। এখন খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান।
সরেজমিনে গতকাল মঙ্গলবার সকালে দেখা যায়, বিদ্যালয়ের টিনশেড ঘরটি বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। কিছু টিন উড়ে এদিক-সেদিক পড়ে আছে। ভবনের সামনে বেঞ্চ পেতে পাশাপাশি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান চলছে। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রুকসানা খাতুন বলে, ‘বেশি রইদ উঠলে সবাই বেঞ্চ ধইরা গাছের নিচে নিয়া যাই। আর বৃষ্টি অইলে সবাই বই-খাতা লইয়া আশপাশের বাড়িতে দৌড় দিই। ওই দিন আর ক্লাস অয় না।’
বিদ্যালয়ের শিক্ষক লতিফা খাতুন বলেন, ‘এখন দিনের ওপর ভরসা কইরা ক্লাস নিতে হয়। স্কুল ভাঙা জেনেও শিক্ষার্থীরা সময়মতো বিদ্যালয়ে চলে আসে। তাই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে ক্লাস নিতে হয়। যেদিন বৃষ্টি হয়, সেদিন ক্লাস বন্ধ হয়ে যায়।’
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে ১৯৯০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ১৮১ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক আছেন চারজন। ৬ মে রাতের ঝড়ে বিদ্যালয়ের চার কক্ষবিশিষ্ট ঘরটি বিধ্বস্ত হয়। এ সময় বিদ্যালয়ের আসবাব ক্ষতিগ্রস্ত হয়। লাইব্রেরিতে থাকা প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়ে যায়।
প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান জানান, নিরুপায় হয়ে খোলা আকাশের নিচে পড়াতে হচ্ছে। বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি জনপ্রতিনিধিসহ উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। তবে কেউ এখনো দেখতে আসেননি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিক উদ্দিন বলেন, ‘বিদ্যালয়ের ক্ষয়ক্ষতির কথা শুনেছি। তবে এখনো কোনো লিখিত আবেদন পাওয়া যায়নি। আবেদন পেলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’