
যশোরের শার্শা উপজেলার ডিহি উপজেলার পাকশিয়া গ্রামে মেয়েদের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান পাকশিয়া সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ঝড়ে বিধ্বস্ত হয়ে গেছে। চার দিন ধরে খোলা আকাশের নিচে ও পাশের একটি বন্ধ থাকা কলেজের কয়েকটি কক্ষে চলছে পাঠদান। এতে দুর্ভোগে পড়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা।
জরুরি নির্মাণসহ সাহায্যের আবেদন জানিয়ে ৮ এপ্রিল জেলা প্রশাসকের কাছে বিদ্যালয়ের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে। আবেদনের চার দিন পার হলেও বিদ্যালয়ে সরকারি কোনো সাহায্য-সহায়তা পৌঁছায়নি।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৩০৫ জন শিক্ষার্থী আছে। ২০১৪ সালে এ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় ৪৬ জন অংশ নিয়ে শতভাগ পাস করার কৃতিত্ব অর্জন করে। এর মধ্যে জিপিএ-৫ পায় পাঁচজন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাবুদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ৭ এপ্রিল ঘূর্ণিঝড়ে বিদ্যালয়ের কাঁচা স্থাপনার (টিনের ছাউনি ও চাচের বেড়া) সাতটি কক্ষ উড়ে গেছে। এ সময় ২০০ বেঞ্চের মধ্যে অন্তত ১৫০টি ভেঙে গেছে। অন্যান্য আসবাবপত্রও সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।
গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, স্কুলে বসা বা দাঁড়ানোর মতো কোনো জায়গা বা পরিবেশ নেই। চারদিকে ছাউনির টিন দুমড়ে-মুচড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। ভাঙা বেঞ্চের ওপর কোনোরকমে বসে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা পড়াশোনা করছে। স্কুলের আঙিনায় থাকা অন্তত ১০টি বড় গাছ ভেঙে পড়েছে। রোদের তেজ বাড়তেই পাঠদান বন্ধ করে ছুটি দিয়ে দেওয়া হলো। বিদ্যালয়ের গ্রন্থাগারে থাকা দুই হাজার বইয়ের মধ্যে বেশির ভাগই ভিজে গেছে। ওই সেগুলো মাঠে রোদে শুকাতে দেওয়া হয়েছে।
কয়েকজন শিক্ষার্থী বলে, রোদে তাদের ক্লাস করতে কষ্ট হচ্ছে। সপ্তম শ্রেণির শিক্ষার্থী উম্মে মাহবুবা বলে, বিদ্যালয়টি দ্রুত ঠিক করা হলে পড়াশোনা ভালো করে করা যাবে।
সহকারী শিক্ষক কে এম ওহিদুজ্জামান বলেন, সকাল সাড়ে সাতটা থেকে খোলা আকাশের নিচে ও পাশের একটি কলেজের কয়েকটি কক্ষে পাঠদান চালিয়ে নেওয়া হচ্ছে। রোদ বাড়লে তিন শ্রেণিকে ছুটি দেওয়া হয়।
এ ব্যাপারে জেলা প্রশাসক হুমায়ুন কবীর বলেন, ‘ওই বিদ্যালয়ের জরুরি সাহায্যের আবেদনের চিঠিটা আমার হাতে এখনো পৌঁছায়নি। চিঠি হাতে এলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’