ঝড়ে বিধ্বস্ত শ্রেণিকক্ষ, খোলা জায়গায় পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝড়ে উড়ে যাওয়া হ​াড়িয়ারকুঠি দাখিল মাদ্রাসার দুই কক্ষের টিনের চালা উড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান। এ ছাড়া ঝড়ে ধসে গেছে মাদ্রাসাটির ইটের দেয়ালও। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
ঝড়ে উড়ে যাওয়া হ​াড়িয়ারকুঠি দাখিল মাদ্রাসার দুই কক্ষের টিনের চালা উড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান। এ ছাড়া ঝড়ে ধসে গেছে মাদ্রাসাটির ইটের দেয়ালও। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি দাখিল মাদ্রাসার চারটি কক্ষ তিন মাস আগে ঝড়ে বিধ্বস্ত হয়ে গেছে। শ্রেণিকক্ষ-সংকটের কারণে শিক্ষার্থীদের খোলা জায়গায় পাঠদান করানো হচ্ছে।
উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে হাড়িয়ারকুঠি ইউনিয়নের হাড়িয়ারকুঠি গ্রামে ১৯৬৮ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। এখানে ৩৯১ জন শিক্ষার্থী ও ১৬ জন শিক্ষক-কর্মচারী আছেন।
সরেজমিনে দেখা গেছে, ১০টি শ্রেণিকক্ষের মধ্যে দুটি টিনের ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। সে কক্ষ দুটির টিনের চালা উড়ে গেছে, ধসে গেছে ইটের দেয়ালও। আরও দুটি আধা পাকা কক্ষের টিন উড়ে গেছে। শিক্ষার্থীরা জানায়, ওই চারটি শ্রেণিকক্ষে চতুর্থ থেকে সপ্তম শ্রেণির প্রায় ১২৮ জন শিক্ষার্থী পড়াশোনা করত। এখন তারা বাইরের খোলা জায়গায় পড়াশোনা করছে।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইমরান হোসেন জানায়, কালবৈশাখীর ঝড়ে তাঁদের শ্রেণিকক্ষ বিধ্বস্ত হয়ে গেছে। এভাবে বাইরে লেখাপড়া করতে তাদের খুব সমস্যা হচ্ছে।
ওই শ্রেণির আছমা খাতুন বলে, ‘আমাদের মাদ্রাসায় না আছে বেঞ্চ, না আছে শ্রেণিকক্ষ। রোদে খোলা আকাশের নিচে ক্লাস করতে কষ্ট হয়।’
মাদ্রাসার সহকারী শিক্ষক শাহাজাহান আলী জানান, এ অবস্থার কারণে ছেলেমেয়েদের লেখাপড়া করতে অসুবিধা হচ্ছে। আরেক সহকারী শিক্ষক শাহ্ আলম জানান, শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে সে জন্য কোনমতে পড়াশোনা চালিয়ে যাওয়া হচ্ছে।