ঝড়ে বিধ্বস্ত সাঁকো, ১০ হাজার মানুষের দুর্ভোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খোর্দ্দা গ্রামের তাম্বুলপুর বিলের ওপর স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁশের সাঁকোটি ঝড়ে বিধ্বস্ত হয়েছে। ঘটনার ১১ দিন পরও এটি সংস্কার করার উদ্যোগ নেয়নি উপজেলা প্রশাসন। এতে উপজেলার তিন গ্রামের ১০ হাজার লোক দুর্ভোগ পোহাচ্ছেন।
এলাকাবাসী জানান, উপজেলার তারাপুর ইউনিয়নের অন্তর্গত ঘগোয়া ও খোর্দ্দা গ্রামে অবস্থিত তাম্বুলপুর বিল। এই বিলে প্রায় সারা বছরই পানি থাকে। কিন্তু বিল পারাপারের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে খোর্দ্দা ও লাটশালা গ্রামের লোকজন দুর্ভোগ পোহাতেন। পাশাপাশি ঘগোয়া গ্রামের লোকজনকে প্রয়োজনে ওই দুই গ্রামে যেতে একই সমস্যায় পড়তে হতো। গ্রাম তিনটির প্রায় ১০ হাজার লোক কখনো নৌকায়, কখনো ভেলায়, কখনো সাঁতরে পারাপার হতেন।
এলাকাবাসী আরও জানান, বিশেষ করে খোর্দ্দা ও লাটশালা গ্রামের মানুষের বিল পাড়ি ছাড়া উপজেলা শহরে যাতায়াতের কোনো উপায় নেই। এ ছাড়া দুই গ্রামে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তাই গত বছর তিন গ্রামের লোকজন ঐক্যবদ্ধ হয়ে স্বেচ্ছাশ্রমে ১৯৫ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো তৈরি করেন। কেউ বাঁশ, কেউ টাকা, কেউ শ্রম দিয়ে সহায়তা দেন। এতে লক্ষাধিক টাকা খরচ হয়। কিন্তু গত ২০ মে ঝড়ে সাঁকোটি বিধ্বস্ত হওয়ায় তিন গ্রামের লোকজন দুর্ভোগ পোহাচ্ছেন। বর্তমানে লোকজন ঝুঁকি নিয়ে কলার ভেলায় পারাপার হচ্ছেন।
খোর্দ্দা গ্রামে অবস্থিত নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজনু মিয়া বলেন, শিক্ষার্থী ও শিক্ষকেরা সাঁকো দিয়ে বিল পারাপার হয়ে বিদ্যালয়ে যান। কিন্তু সেটি বিধ্বস্ত হওয়ায় বিপাকে পড়েছেন দুই পাড়ের লোকজন।
খোর্দ্দা গ্রামের ব্যবসায়ী আবদুর রাজ্জাক বলেন, ‘আমাদের গ্রামের অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। তাই বাঁশের সাঁকো তৈরি করা হয়েছিল। কিন্তু ঝড়ে বিধ্বস্ত হওয়ার ১১ দিন পেরিয়ে গেলেও এটি সংস্কারের উদ্যোগ নেই।’ এ ছাড়া উপজেলা প্রশাসন ও তারাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কোনো পদক্ষেপ নেয়নি। তারাপুর ইউপির চেয়ারম্যান আবদুল সামাদ বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হাই মিলটন বলেন, ‘সাঁকো বিধ্বস্ত হওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে এলাকাবাসী আবেদন করলে এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’