ঝড়ে ভেঙে পড়ল সাঁকো, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকায় একতা বাজারে মরা তিস্তা নদীর ওপর স্বেচ্ছাশ্রমে নির্মিত সাঁকোটি ভেঙে পড়েছে। গত শনিবার রাতে ঝড়ে এটি ভেঙে পড়ে। এতে পাঁচ গ্রামের ২০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।
এলাকাবাসী জানায়, কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের একতা বাজার, নাজিরদহ, খলাইঘাট, হরিণচড়া, রাজপুর গ্রামে প্রায় ২০ হাজার মানুষের বসবাস। এসব মানুষ প্রতিদিন বাজার করাসহ নানা গুরুত্বপূর্ণ কাজের জন্য একতা বাজারে ছুটে যান। তবে সেখানে যেতে তাঁদের ছোট একটি খাল পার হতে হয়। ওই খালকে মরা তিস্তা নদী বলা হয়। স্থানীয় ভাষায় এটিকে বুড়ি তিস্তা নদীও বলা হয়। স্থানীয় মানুষ নিজ উদ্যোগে চলাচল করার জন্য ওই খালের ওপর নির্মাণ করেছেন বাঁশের সাঁকো। এর দৈর্ঘ্য প্রায় ২০০ ফুট ও প্রস্থ ৪ ফুট। এটি ২০০২ সালে প্রথম তৈরি করা হয়।
সরেজমিনে জানা যায়, শনিবার রাতের ঝড়ে বাঁশের সাঁকোটি ভেঙে পড়ে। গতকাল রোববার এই সাঁকোর ওপর দিয়ে মানুষ কিংবা কোনো যানবাহন চলাচল করতে পারেনি। সাঁকোর পাশ দিয়ে পানি ডিঙিয়ে কোনোরকমে মানুষজন চলাচল করছে।
নাজিরদহ গ্রামের ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, ‘অনেক কষ্ট করিয়া গ্রামের মানুষ এই সাঁকোটি তৈরি করছিল। তাও ভাঙি গেল। ঠিক না করা পর্যন্ত চলাচলে খুব কষ্ট হইবে।’
হারাগাছ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাকিবুল হাসান বলেন, লোকজনের সুবিধার্থে স্থানীয় জনগণ বাধ্য হয়ে এই সেতুটি তৈরি করেছেন। কিন্তু তাও ভেঙে গেল।
স্থানীয় সাংসদ টিপু মুনশি বলেন, ‘আমি ওই এলাকায় সেতু নির্মাণের চেষ্টা করছি। আশা করছি শিগগিরই দরপত্র আহ্বান করে কাজ করা হবে।’