ঝড়ে লঞ্চ ও ফেরি চলাচলে বিঘ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালবৈশাখীতে গত বৃহস্পতিবার রাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ ও ফেরি চলাচল ব্যাহত হয়। এতে শত শত যাত্রী দুর্ভোগ পোহান।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর ঝোড়ো বাতাসের কারণে নদীপথ উত্তাল হলে নৌযান চলাচল ব্যাহত হয়। রাত সাড়ে আটটার দিকে বাতাসের গতি হঠাৎ বেড়ে যায়। পৌনে নয়টা থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় উভয় ঘাটে থাকা ফেরিগুলো যানবাহন নিয়ে ঘাটেই বসে থাকে। রাত সাড়ে ১০টার দিকে বাতাসের গতি কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে বুধবার রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টারও বেশি সময় ফেরি চলাচল বন্ধ ছিল। ওই দিন ঝড়ে দৌলতদিয়ার ২ নম্বর ঘাটের পন্টুনটি উপড়ে পড়ে।
আরিচা লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক নুরুল আনোয়ার বলেন, ঝড়ের কারণে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে গতকাল ভোর ছয়টা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ ছিল।