ঝড়ে লন্ডভন্ড দিনাজপুরের চার উপজেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা গত শনিবার রাতের কালবৈশাখীতে লন্ডভন্ড হয়ে গেছে। ঝড়ে এসব উপজেলার দুই সহস্রাধিক বসতঘর বিধ্বস্ত এবং ২২ হাজার গাছপালা ভেঙে গেছে। পাঁচ শতাধিক খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয় সূত্রে জানা গেছে, ঝড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে সমিতির। সাত দিনের আগে এ চার উপজেলায় বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক করা সম্ভব নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নবাবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মনিরুজ্জামান সরকার জানান, ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে ২০০টি ঘর সম্পূর্ণ নষ্ট এবং আট শতাধিক ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। হাকিমপুরের পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, ওই উপজেলায় চার শতাধিক বসতঘর বিধ্বস্ত হয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের। ঘোড়াঘাটের পিআইও ওমর খৈয়াম জানান, ওই উপজেলায় পাঁচ শতাধিক বসতঘর এবং ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিরামপুরেও চার শতাধিক ঘরবাড়ি ধ্বংস এবং ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানালেন বিরামপুরের পিআইও মিঠুন কুন্ডু।

সরেজমিনে বিরামপুরের পলিপ্রয়াগপুর, মুকুন্দপুর, নবাবগঞ্জের বিনোদনগর, দাউদপুর, ভাদুরিয়া, পুঁটিমারা, শালখুরিয়া এবং হাকিমপুরের বোয়ালাদাড়, আলিহাট ও খট্টামাধপপাড়া ইউনিয়ন ঘুরে দেখা গেছে, বসতঘর ভিটার ওপর মুখ থুবড়ে পড়ে আছে। বড় বড় গাছ উপড়ে সড়কের ওপর পড়ে আছে।

চরকাই রেঞ্জ কর্মকর্তা একরামুল হক জানান, ঝড়ে নবাবগঞ্জ জাতীয় উদ্যানের প্রায় দুই হাজার শালগাছ ভেঙে পড়ে গেছে। এয়াড়া রেঞ্জের অধীনে চার উপজেলায় বিভিন্ন বনের ২০ সহস্রাধিক বিভিন্ন প্রজাতির গাছ ভেঙে পড়েছে।

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক প্রকৌশলী আবদুর রাজ্জাক জানান, ঝড়ে পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর অধীনে জাতীয় গ্রিডের দুই শতাধিক এবং অভ্যন্তরীণ বিদ্যুৎ লাইনের তিন শতাধিক পিলার পড়ে গেছে। বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক করতে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী দিনরাত কাজ করছেন।

চার উপজেলার দায়িত্বপ্রাপ্ত বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনিরুজ্জামান আল মাসউদ জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার জন্য উদ্যোগ নেওয়া হবে।