ঝড়ে শাহজাদপুরে চার ইউনিয়ন বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরের চারটি ইউনিয়নের ওপর দিয়ে গতকাল রোববার ভোরে কালবৈশাখী বয়ে গেছে। এতে উপজেলার চারটি ইউনিয়নের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া ঘরবাড়ি ও ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা প্রশাসন ও সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, গতকাল ভোররাতের দিকে উপজেলার কায়েমপুর, গাড়াদহ, নরিনা ও পোতাজিয়া ইউনিয়নের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। ঝড়ের তাণ্ডবে পল্লী বিদ্যুৎ সমিতির কায়েমপুর ইউনিয়নের সরূপপুর গ্রামের কাছে ১২টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায়। এ ছাড়া অর্ধশতাধিক ঘরবাড়ির টিনের চালা উড়ে যাওয়াসহ সহস্রাধিক গাছ উপড়ে পড়ে। ঝড়ের পর থেকে ওই চার ইউনিয়নের সব কটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লী বিদ্যুৎ সমিতি শাহজাদপুর কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জুলফিকার রহমান বলেন, ভেঙে যাওয়া বৈদ্যুতিক খুঁটিগুলো পুনঃস্থাপনের কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ শুরুর চেষ্টা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ঝড়ে ঘরবাড়িসহ ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা মাঠপর্যায়ে কাজ করছেন।