ঝড়ে সাগরে তিনটি ট্রলারডুবি, ২৫ জেলে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই তিন ট্রলারের ২৫ জেলেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া জেলে সলেমান হোসেন ও মো. কবিরের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী গতকাল সোমবার দুপুরে প্রথম আলোকে এ খবর নিশ্চিত করেছেন।
জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, ঝড়ের কবলে পড়ে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া, পক্ষিদিয়া ও কচিখালী এলাকায় তিনটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ওই তিন ট্রলারের ২৫ জেলেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করে গতকাল সোমবার দুপুরে বরগুনার পাথরঘাটায় নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে সলেমান হোসেন ও মো. কবির পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকি ২৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ডুবে যাওয়া ট্রলার এফবি দুলাল ও এফবি জাহাঙ্গীরকে উদ্ধার করা হলেও এফবি মায়ের দোয়া ট্রলারটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. রউফ বলেন, ‘ট্রলারডুবির ঘটনার কোনো তথ্য আমাদের জানা নেই।’