ঝড়ে ২০ পরিবারের বাড়িঘর লন্ডভন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গুলী ইউনিয়নের নতুনপাড়ায় গত শুক্রবার সন্ধ্যায় আকস্মিক ঝড়ে ২০টি পরিবারের বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, দুপুরের পর থেকেই টিপ টিপ বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ করে ঝড় শুরু হয়। ২০ থেকে ২৫ মিনিটের ঝড়ে গ্রামের ২০টি পরিবারের বাড়িঘর, খড়ের গাদা, গাছ ও ঘরের আসবাবপত্র লন্ডভন্ড হয়ে যায়। আহত হয় কয়েকজন এলাকাবাসী ও বেশকিছু গবাদিপশু।
গ্রামের আজাহার মোল্লা জানান, মাত্র কয়েক মিনিটের ঝড়ে গ্রামের ২০টি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। এ পরিবারগুলোর লোকজন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
গ্রামের আলেয়া বেগম (৬৫) বলেন, ‘কিছু বুঝবেরই প্যারলেম না, ক্যাবা করে আমার ঘর উড়ে গেল। কনে পড়ছে তাও জানিনে। এহন পর্যন্ত খুজে পাই নেই।’
খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মোমেন ও পুঙ্গুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মান্নানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রামটি পরিদর্শন করেছেন।
ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ‘আমরা গ্রামটি পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ইউএনওর মাধ্যমে জেলা প্রশাসনকে পাঠিয়েছি। বরাদ্দ এলেই ক্ষতিগ্রস্তদের মধ্যে তা বণ্টন করা হবে।’