ঝড়ের মৌসুমে নদীতে বড় লঞ্চ চালানোর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা নদীতে ডুবে যাওয়া এমভি শাথিল-১ লঞ্চে কারিগরি, কাঠামোগত ও নকশায় ত্রুটি ছিল৷ চালক যাত্রীদের অনুরোধ উপেক্ষা করেই ঝড়ের মধ্যে লঞ্চ ছাড়েন৷ এ জন্য লঞ্চের মালিক, চালক, সুকানি ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের সার্ভেয়ারকে দা​য়ী করা হয়েছে৷

দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে৷ গত বুধবার রাতে প্রতিবেদনটি পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়৷ প্রতিবেদনে ঝড়ের মৌসুমে গলাচিপা ও রাঙ্গাবালীর বিভিন্ন নৌপথে বড় লঞ্চ বা সি-ট্রাকে যাত্রী পরিবহনের সুপারিশ করা হয়েছে৷

৩ মে দুপুরে এমভি শাথিল-১ লঞ্চডুবির ঘটনায় ১৬ যাত্রী নিহত হন৷ ৪ মে রাত পৌনে নয়টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা লঞ্চটিকে টেনে ওপরে তোলে৷ পটুয়াখালী জেলা প্রশাসন অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) মো. দেলোয়ার হোসেন মাতুব্বরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে৷

তদন্তে পাওয়া তথ্য সম্পর্কে দেলোয়ার হোসেন মাতুব্বর প্রথম আলোকে জানান, দুর্ঘটনার কয়েক মিনিট আগে লঞ্চটি গলাচিপার ইচাদি ঘাট থেকে কলাগাছিয়া ঘাটের উদ্দেশে ছেেড় যায়৷ অথচ ইচাদি ঘাট থেকে ঝড়ের মধ্যে লঞ্চটি না ছাড়ার জন্য যাত্রীরা চালককে অনুরোধ করেছিলেন৷ চালক সুধীর চন্দ্র দাস যাত্রীদের অনুরোধ উপেক্ষা করেই ইচাদি ঘাট ত্যাগ করেন৷ এর কয়েক মিনিটের মধ্যেই লঞ্চটি ডুবে যায়৷

প্রতিবেদনে বলা হয়, এমভি শাথিল-১ ডুবে যাওয়ায় ১৬ জন যাত্রীর প্রাণহানিসহ তিন লাখ টাকারও অধিক সম্পদের হানি হয়েছে৷ দেলোয়ার হোসেন মাতুব্বর বলেন, ‘এমভি শাথিল-১ লঞ্চটি রাঙ্গাবালী থেকে ছেড়ে এসেছিল৷ এটি যদি গলাচিপার দক্ষিণে রাঙ্গাবালীর কোনো নদীতে দুর্ঘটনার শিকার হতো তাহলে প্রাণহানি ও ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারত৷ কেননা, ওই এলাকার নদীগুলো অনেক বড় ও উত্তাল৷ সে ক্ষেত্রে আমরা সুপারিশ করেছি ঝড়ের মৌসুমে (এপ্রিল থেকে অক্টোবর) রাঙ্গাবালী ও গলাচিপার বিভিন্ন নৌপথে বড় লঞ্চ বা সি-ট্রাকে যাত্রী পরিবহন করা হয়৷’