ঝড়-শিলাবৃষ্টিতে পীরগঞ্জে ফসলের ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গত শুক্রবার ভোররাতে দুই ঘণ্টার শিলাবৃষ্টি ও ঝড়ে ভুট্টা, ধান, উঠতি গম ও তরমুজের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলার আঘাতে ভুট্টার গাছ, খেতের পাকা গম ও বোরোর চারা মাটিতে শুয়ে পড়েছে।
উপজেলার হাজিপুর, ভোমরাদহ, পীরগঞ্জ, দৌলতপুর, সেনগাঁও, জাবরহাট ও বৈরচুনা ইউনিয়নের ৪০-৪৫টি গ্রামের প্রায় পাঁচ হাজার বিঘা জমির ফসলের ক্ষতি হয়েছে।
শুক্র ও শনিবার একাধিক গ্রাম ঘুরে ক্ষতিগ্রস্ত এলাকার চাষিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বৃদ্ধিগাঁও গ্রামের হোসেন আলীর ১৫ বিঘা ধান ও নয় বিঘা গম, আমিনুল হকের দেড় বিঘা ধান, আফর আলীর আড়াই বিঘা ধান ও খলিলুর রহমানের তিন বিঘা ভুট্টা, রনশিয়া গ্রামের সাইফুলের চার বিঘা ধান ও চার বিঘার ভুট্টা, মুক্তিযোদ্ধা আ. রশিদের ছয় বিঘা ধান ও ভুট্টা, আনারুল ইসলাম ও জবিউল্যার ১৭ বিঘা তরমুজ, বনুয়াপাড়া গ্রামের সমসের আলীর তিন বিঘা ধান মাটির সঙ্গে মিশে গেছে।
বৃদ্ধিগাঁও গ্রামের জহুরুল হক বলেন, ‘শুক্রবার ভোররাতের শিলাবৃষ্টি আর ঝড়ে আমার ধানগাছের পাতাগুলো মাটির সঙ্গে মিশে গেছে, গম আর ভুট্টা মাটিতে শুয়ে পড়েছে। এগুলো থেকে ফলন পাওয়া এবং গম থেমে বীজ পাওয়ার কোনো ভরসা দেখি না। এবার আমার পুঁজিটাই শেষ হয়ে গেল।’
বনুয়াপাড়া গ্রামের আফজাল হোসেন বলেন, ‘শুক্রবার ভোররাতের শিলাবৃষ্টিতে আমার আট বিঘা ধানের সর্বনাশ হয়ে গেছে। ধানের থোপটাতে দুই-তিনটি কুশি দেখা গেলেও বাকি নয়-দশটা কুশিই পাথরের আঘাতে মাটির সঙ্গে মিশে গেছে।’
একই ধরনের মন্তব্য করেন জয়কুড় গ্রামের নরেশ চন্দ্র, বৃদ্ধিগাঁও গ্রামের হোসেন আলী, রনশিয়ার সইফুর রহমান, মল্লিকপুরের তোবারক আলী, কুশারীগাঁওয়ের মো. কাশেম, বৈরচুনার তৈয়ব আলীসহ প্রায় ৩০-৩২ জন চাষি।
পীরগঞ্জ উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘এবার দেড় হাজার হেক্টরে ভুট্টা, ১৩ হাজার হেক্টরে বোরো এবং ১৪ হাজার ১৫০ হেক্টরে গম চাষ হয়েছে। গমের তেমন কোনো অসুবিধা হবে না, একটু বিবর্ণ হতে পারে।’
উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘ঝড়-বৃষ্টির খবর পেয়ে আমি উপজেলার বিভিন্ন জায়গা ঘুরেছি। নিয়মিত রোদ পাওয়া গেলে মাটিতে শুয়ে যাওয়া গম ও ভুট্টাগাছগুলো আবার ভালো হয়ে উঠবে। এখন ধানের টিলারিং পর্যায় চলছে। শিলার আঘাতে ক্ষতি হলেও সময়মতো সেগুলো আবার গজিয়ে উঠবে। তখন ক্ষতি পুষিয়ে যাবে।’