ঝরনা থেকে পড়ে তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে সোমবার সন্ধ্যায় ঝরনায় উঠতে গিয়ে পা পিছলে পড়ে অনিমেষ দে (২৭) নামের এক তরুণ মারা গেছেন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার মৃত নিরঞ্জন দের ছেলে।

মিরসরাই থানার পুলিশ জানায়, আজ বেলা আড়াইটার দিকে অনিমেষ দে তিন বন্ধুকে নিয়ে সীতাকুণ্ডের ওয়াহেদপুর ইউনিয়নের নয়দুয়ারিয়া এলাকার নাপিত্তাছড়া ঝরনা দেখতে যান। তিনি এক নম্বর ঝরনার ওপরে উঠার পর পা পিছলে নিচে পানিতে গিয়ে পড়েন। এতে পানিতে ডুবে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে বিকেলে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে তল্লাশি চালিয়ে সন্ধ্যা সাতটার দিকে অনিমেষের লাশ উদ্ধার করা হয়। পরে লাশ মিরসরাই থানায় নিয়ে যাওয়া হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।