ঝরনায় নেমে নিখোঁজ কলেজ শিক্ষকের লাশ উদ্ধার
বান্দরবানের রুমায় রিজুক ঝরনায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান তৌফিক সিদ্দিকীর মরদেহ গতকাল রোববার সকালে উদ্ধার করে আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তাঁরা জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ ঢাকায় নিয়ে যান।
গত শনিবার রিজুক ঝরনায় গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যান তৌফিক সিদ্দিকী। তিনি ঈদের ছুটিতে কয়েকজন বন্ধুসহ সপরিবারে বান্দরবানে বেড়াতে গিয়েছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বান্দরবানের স্টেশন কর্মকর্তা রণধীর দত্ত বলেছেন, চট্টগ্রাম থেকে দুজন ডুবুরিসহ তাঁরা গতকাল সকাল সাড়ে নয়টার দিকে উদ্ধার অভিযান শুরু করেন। ঝরনার যেখানে তৌফিক ডুবে গিয়েছিলেন সেখানে খোঁজাখুঁজির ১০ মিনিটের মধ্যে আংশিক বালুচাপা পড়া অবস্থায় তাঁর মরদেহের সন্ধান পাওয়া যায়। সেখান থেকে মরদেহটি রুমা থানায় নিয়ে এলে তৌফিক সিদ্দিকীর স্ত্রী ও একমাত্র মেয়ে কান্নায় ভেঙে পড়েন।
এদিকে ঈদের ছুটি শেষে রোববার সকালে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে ফেরার কথা ছিল তৌফিক সিদ্দিকীর। কিন্তু এর বদলে ক্যাম্পাসে পৌঁছায় তাঁর লাশ উদ্ধারের খবর। কলেজের অধ্যক্ষ সামস উল আলম বলেন, তিনি আর কখনো ক্যাম্পাসে ফিরবেন না, বিষয়টি তাঁর প্রিয় শিক্ষার্থী, সহকর্মীসহ অনেকেই মেনে নিতে পারছেন না।
পরে তৌফিক সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনা করে ক্যাম্পাসে এক মিনিট নীরবতা পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার ‘ক্লাস ছুটি’ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। এ ছাড়া সহকর্মীরা কালোব্যাজ ধারণ করবেন।
ঈদ অবকাশে তৌফিক সিদ্দিকীর সঙ্গী হয়েছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মোহসিন কবির। তিনি গতকাল বলেন, বান্দরবান থেকে অধ্যাপক তৌফিক সিদ্দিকীর লাশ নেওয়া হবে রাজধানীর শিক্ষা ভবনে। আজ সকালে সেখানে প্রথম দফা জানাজা শেষে তাঁর লাশ ব্রাহ্মণবাড়িয়ায় নেওয়ার কথা।
তৌফিক সিদ্দিকী বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কলেজ শাখার সভাপতি ছিলেন। এই সমিতির পক্ষ থেকে কালোব্যাজ ধারণ, স্মরণসভাসহ তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।