ঝরনায় নেমে স্রোতে ভেসে গেলেন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৌফিক সিদ্দিকী
তৌফিক সিদ্দিকী

বান্দরবানের রুমায় রিজুক ঝরনায় গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গেলেন একজন কলেজ–শিক্ষক। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।
নিখোঁজ তৌফিক সিদ্দিকী বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান। তিনি কয়েকজন বন্ধুসহ সপরিবার ঈদের ছুটিতে বান্দরবানে বেড়াতে যান।
পুলিশ জানায়, তৌফিক সিদ্দিকী, তাঁর স্ত্রী ও ১ মেয়ে এবং ৩ বন্ধুর পরিবারের সদস্যসহ মোট ১৩ জন গতকাল সকালে জেলা শহর থেকে রুমায় আসেন। রুমা বাজার থেকে ইঞ্জিনচালিত নৌকাযোগে তাঁরা সাঙ্গু নদের উজানে রিজুক ঝরনায় যান।
সেনাবাহিনীর রুমা জোনের অধিনায়ক লে. কর্নেল গোলাম আরিফুর আলম বলেন, রিজুক ঝরনা যেখানে সাঙ্গু নদের সঙ্গে মিশেছে সেখানে বেলা আড়াইটার দিকে গোসল করতে নামেন তৌফিক সিদ্দিকী। এ সময় প্রবল স্রোত তাঁকে টেনে নিয়ে যায়। সঙ্গীরা তাঁকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।
অধ্যাপক তৌফিক সিদ্দিকীর বন্ধু ও সফরসঙ্গী বান্দরবান সরকারি কলেজের শিক্ষক বিপ্লব চক্রবর্তী জানান, তৌফিক সিদ্দিকীরা তিন দিন আগে বান্দরবানে আসেন। শনিবার রাতে তাঁদের ঢাকায় ফেরার কথা ছিল। তিনি বলেন, গোসল করতে নামার সময় তৌফিক বলেছেন তিনি সাঁতার জানেন।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, খরস্রোতা সাঙ্গু নদে তল্লাশি চালানো অনেক কঠিন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর হদিস পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়েছে।
সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ সামস-উল আলম জানান, তৌফিক সিদ্দিকীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তবে তাঁর পরিবার স্থায়ীভাবে ঢাকায় বসবাস করে।