ঝরনায় পড়ে দুই বোন নিখোঁজ লাশ উদ্ধার
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শিজকছড়া ঝরনায় পড়ে গত শুক্রবার দুই বোন নিখোঁজ হয়। ঘটনার পরদিন শনিবার এলাকাবাসী ঝরনার নিচের ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার উপজেলার নন্দারাম গ্রামের ঝরনা চাকমা (১৯) ও তাঁর ছোট বোন চম্পা চাকমা (১০) আট থেকে দশজন সহপাঠী নিয়ে শিজকছড়ার ঝরনায় যায়। কিছুক্ষণ পর পা পিছলে পড়ে যায় চম্পা। তাকে উদ্ধারে এগিয়ে গেলে বড় বোন ঝরনাও পড়ে যান। এর পর থেকে দুই বোন নিখোঁজ থাকে। ঝরনা চাকমা এবার বাঘাইছড়ির কাচালং ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। চম্পা নন্দারাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য উদয়ন চাকমা বলেন, টানা ১০ ঘণ্টা খোঁজাখুঁজির পর শনিবার দুপুর ১২টার দিকে নিখোঁজ দুই বোনের লাশ উদ্ধার করা হয়। দুই বোন খুবই মেধাবী ছাত্রী বলে তিনি জানান।