ঝরল পেট্রলবোমায় দগ্ধ আরেকটি প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেট্রলবোমায় দগ্ধ ইমরান মোল্লার মৃত্যুতে শোকে বিহ্বল তাঁর স্বজন জাকিয়া। ছবিটি আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সামনে থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
পেট্রলবোমায় দগ্ধ ইমরান মোল্লার মৃত্যুতে শোকে বিহ্বল তাঁর স্বজন জাকিয়া। ছবিটি আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সামনে থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

মাগুরার মঘিরঢালে পেট্রলবোমা হামলায় গুরুতর দগ্ধ আরেকজন মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় পাঁচজন নিরীহ মানুষের প্রাণ গেল। 
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধ-হরতালে সহিংসতায় এখন পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ৭০ জনের বেশি পেট্রলবোমা ও আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন।
চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে মারা গেছেন মঘিরঢালে পেট্রলবোমায় গুরুতর দগ্ধ ট্রাকচালক ইমরান মোল্লা (৩০)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, ইমরানের শরীরের ৫০ শতাংশ পোড়া ছিল।
মঘিরঢালে পেট্রলবোমায় গুরুতর দগ্ধ আরও চারজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।
ওই ঘটনায় ইমরান ছাড়াও মারা গেছেন মো. ইয়াদুল (২০), শাকিল মোল্লা (২০), আবদুল মতিন বিশ্বাস (২৫) ও রওশন আলী (৪০)।
গত ২১ মার্চ সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার মঘিরঢাল এলাকায় মাগুরা-যশোর মহাসড়কে একটি ট্রাকে দুটি পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে নয়জন গুরুতর দগ্ধ হন।
গত বছর ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে চলতি বছরের ৬ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা টানা অবরোধ চলছে। এই কর্মসূচির দুই দিন আগে থেকে শুরু হয় সহিংসতা। এই সময়ে অবরোধের পাশাপাশি বিরতি দিয়ে চলে হরতাল।