ঝরা লিচুতে বাড়তি আয়

ঠাকুরগাঁও সদরের গোবিন্দনগর-মুন্সিরহাট এলাকার মেঠোপথের দুপাশে সারি সারি লিচুগাছ। টকটকে লাল লিচুর ভারে নুয়ে পড়েছে বাগানের গাছগুলো। কোনো কোনো বাগানে লিচু ভাঙতে শুরু করেছেন মালিক ও ব্যবসায়ীরা। এসব বাগান থেকে ঝরা লিচু কুড়ায় একদল শিশু। ওরা সবাই বিভিন্ন স্কুলের শিক্ষার্থী। পরে তারা ঝরা লিচুর পসরা সাজিয়ে বসে রাস্তার ধারে। এ থেকে তাদের বাড়তি আয় হয়।
গত সোমবার সকালে ঠাকুরগাঁও-রেলস্টেশন সড়কের মুন্সিরহাট এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের দক্ষিণ পাশের ফুটপাতে বসেছে ঝরা লিচুর বাজার। শিশুর দল বাড়ি থেকে আনা িস্টলের প্লেটে লিচু সাজিয়ে বসেছে। ক্রেতা এলে তারা দরদাম করে ওই লিচু বিক্রি করছে। স্বল্প আয়ের মানুষ ছুটে এসে সেই বাজার থেকে সস্তায় লিচু কিনে নিয়ে যাচ্ছে।
সদর উপজেলার ফকদনপুর গ্রামের ভ্যানচালক আবদুস সুবহান ছেলেমেয়েদের বায়না মেটাতে লিচু কিনতে এসেছেন শিশুদের লিচু বাজারে। তিনি বলেন, ‘বাজারে এখনো পর্যাপ্ত লিচু ওঠেনি। যে পরিমাণ লিচু উঠেছে তার দাম বেশ চড়া। সে দামে লিচু কিনে খাওয়ার সামর্থ্য নেই। এখানে কম দামে ঝরা লিচু পাওয়া যায় শুনে লিচু কিনতে এসেছি।’
ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্ট্রিটিউটের কয়েকজন ছাত্র শিশুদের বাজারে দল বেঁধে লিচু কিনতে এসেছে। এ সময় মোহাম্মদ ফরহাদ হোসেন নামের এক ছাত্র বলে, ‘বাড়ি থেকে সীমিত পরিমাণ টাকা পাঠানো হয়। সে টাকায় বেশি দামে ফল কিনে খাওয়া সম্ভব নয়। তাই সুযোগ পেলে বন্ধুরা মিলে এখানে এসে লিচু কিনে খাই।’
ইসলামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুজন আলী রাস্তার পাশে বসেছিল লিচুর পসরা নিয়ে। সে বলে, ‘বাবা দিনমজুর। পরিবারের তিনজনের লেখাপড়ার খরচ চালাতে বাবাকে হিমশিম খেতে হয়। তাই আমি নিজের বই, খাতা-কলমের খরচ জোগাতে লিচু কুড়িয়ে ওই বাজারে বিক্রি করছি। প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকার লিচু বিক্রি করি।’
ইসলামনগর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. রতন আলী বলে, ‘আমরা কয়েকজন বন্ধু মিলে বাগানে পড়ে থাকা লিচু কুড়িয়ে এনে বিক্রি করি।’
কত দিন এ কাজ চলবে? এ প্রশ্নের জবাবে পাশে দাঁড়িয়ে থাকা মুহিত খান নামে আরেক শিক্ষার্থী বলে, ‘১৫ থেকে ২০ দিনের বেশি চলে না। বাগানে লিচু শেষ হলেই আমাদের আয় শেষ হয়। এ আয় জমিয়ে রাখি সারা বছরের পড়ার খরচের জন্য। এ টাকায় অনেক সময় নিজের টুকিটাকি জিনিস কিনে নিই।’
মাকে নিয়ে লিচু বিক্রি করতে এসেছে ইসলামনগর এলাকার শিশু সালাউদ্দিন। তার মা আনছারা বেগম বলেন, ‘ছোট্ট বাচ্চাদের একা পেয়ে অনেকে ঠকিয়ে লিচু নিয়ে যান। এ কারণে ছেলের সঙ্গে বসে লিচু বিক্রি করছি।’
ঠাকুরগাঁওয়ের সাবেক পৌর মেয়র এস এম এ মঈন বলেন, ‘যাতায়াতের পথে শিশুদের লিচুর বাজারটি আমার নজরে পড়েছে। শুনেছি ওরা বাগানে পড়ে থাকা লিচু কুড়িয়ে এনে বিক্রি করে। বিনিময়ে যা পায় তা নিজেদের প্রয়োজনে খরচ করে।’