ঝরে গেছে এক লাখ শিক্ষার্থী, লিবিয়ায় প্রশ্ন ও খাতা যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৫ এপ্রিল সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এইচএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে বাড়লেও একাদশ শ্রেণীতে ভর্তি ও নিবন্ধন করা নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে প্রায় এক লাখ শিক্ষার্থী ঝরে গেছে। দুই বছর আগে এই পরীক্ষা দেওয়ার লক্ষ্যে এসব শিক্ষার্থী নিবন্ধন করলেও তারা পরীক্ষায় অংশ নিচ্ছে না।এদিকে লিবিয়ার অস্থিতিশীল পরিস্থিতিতে সেখানকার একটি কেন্দ্রের বাংলাদেশি পরীক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে সরকার। পরীক্ষার মাত্র দুই সপ্তাহ বাকি থাকলেও এখন পর্যন্ত সেখানে প্রশ্নপত্র ও পরীক্ষার খাতা পাঠানো সম্ভব হয়নি। এ অবস্থায় তাদের পরীক্ষা কীভাবে নেওয়া হবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে সরকার।ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বিদেশের পাঁচটি কেন্দ্রের মধ্যে এবার লিবিয়ায় একটি কেন্দ্রে ১৪ জন বাংলাদেশি শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার কথা রয়েছে।এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রথম আলোকে বলেন, ‘লিবিয়ার ১৪ জন বাংলাদেশি পরীক্ষার্থীর জন্য এখনো খাতা ও প্রশ্নপত্র পাঠানো সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাব।’ তবে একটি সূত্র জানিয়েছে, প্রশ্নপত্র ও খাতা পাঠানো সম্ভব না হলে সেখান থেকেই প্রশ্নপত্র ও খাতার ব্যবস্থা করে পরীক্ষা নেওয়ার বিকল্প চিন্তা করা হচ্ছে।শিক্ষা বোর্ডগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আট বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার লক্ষ্যে ২০০৯-১০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে পাঁচ লাখ ৭০ হাজারের কিছু বেশি নিয়মিত শিক্ষার্থী নিবন্ধন করেছিল। এদের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য ফরম পূরণ করেছে চার লাখ ৭৬ হাজারের কিছু বেশি শিক্ষার্থী। বাকি ৯৪ হাজারের মতো শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে না। অর্থাৎ তারা ঝরে পড়াদের তালিকায় নাম লিখিয়েছে। তবে নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন মিলিয়ে এবার এইচএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছয় লাখ ২৯ হাজারের কিছু বেশি। শেষ মুহূর্তে এই সংখ্যা কিছু কম-বেশি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গতবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল পাঁচ লাখ ৮৭ হাজার ৫৪০ জন। অর্থাৎ এবার পরীক্ষার্থী বেড়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ঝরে গেছে ৩০ হাজার ৬০০-এর মতো শিক্ষার্থী। রাজশাহী বোর্ডে এই সংখ্যা ১১ হাজারের কিছু বেশি। এ ছাড়া বরিশাল বোর্ডে ছয় হাজার ২৯২ জন, যশোর বোর্ডে ১৪ হাজার, কুমিল্লা বোর্ডে ১১ হাজার ৪০২ জন, চট্টগ্রাম বোর্ডে ছয় হাজার ৬৫০ জন, দিনাজপুর বোর্ডে ১০ হাজার ৫৩৯ জন, সিলেট বোর্ডে তিন হাজার ৫৪০ জন শিক্ষার্থী ঝরে গেছে।ঝরে পড়ার কারণ জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘প্রতিটি স্তরেই শিক্ষার্থী ঝরে পড়ছে। এটা নিচ (প্রাথমিক) থেকে শুরু হয়ে ক্রমাগতভাবে চলছে। শিক্ষা নিয়ে বৈষম্য, শ্রেণীকক্ষে ভালো পড়াশোনা না হওয়াসহ বিভিন্ন কারণে শিক্ষার্থী ঝরে পড়ছে।’