ঝরে গেছে সব পান, চাষির মাথায় হাত
গত মৌসুমে পানগাছের ক্ষতি করে গেছে পচন রোগ। এবার টানা কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে গাছের সব পান ঝরে পড়ছে। ঝরে পড়া পান বিক্রি করতে না পেরে মহা বিপাকে পড়েছেন চাষিরা।কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পানচাষিদের এ রকমই দুর্দিন চলছে। টানা দুই বছর এভাবে ক্ষতির শিকার হয়ে এখন চোখে অন্ধকার দেখছেন তাঁরা।উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগসহ বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার বরাটিয়া, লক্ষ্মীয়া, দরদরা, হিজলিয়া, বাঘাপাড়া, ছেত্রাখালী, চালিয়াগোপ, মির্জাপুর, মরুরা, পাকুন্দিয়া সদর, চরপাকুন্দিয়া, নারান্দী, চণ্ডীপাশা ও হোসেন্দীসহ ২০টি গ্রামের প্রায় ১০ হাজার লোক পানচাষের ওপর নির্ভরশীল। পানগাছকে স্থানীয়ভাবে বিবেচনা করা হয় ‘টাকার গাছ’ হিসেবে। সরেজমিনে পানচাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, পান ঝরে পড়া রোধে তাঁরা বিভিন্ন ওষুধ ব্যবহার করেছেন। তাতেও কাজ হয়নি। লক্ষ্মীয়া গ্রামের পানচাষি চাঁন মিয়া বলেন, ‘আমার ৪৭ শতক জমিতে পানের বরজ রয়েছে। এবার ঘন কুয়াশা আর অস্বাভাবিক শৈত্যপ্রবাহের কারণে বরজের সব পান ঝরে পড়েছে। বরজের কাছে গেলে এখন কেবলই চোখে পানি আসে।’ তিনি জানান, ঝরে পড়া পানের মাঝামাঝি কালো দাগ। এ পান কুড়িয়ে তিনি একবার পাকুন্দিয়া বাজারে, আরেকবার মির্জাপুর বাজারে নিয়ে যাচ্ছেন। কোথাও বিক্রি করা যাচ্ছে না। চাঁন মিয়ার দাবি, এ বছর তাঁর প্রায় সাড়ে তিন লাখ টাকার পান নষ্ট হয়েছে। দরদরা গ্রামের পানচাষি সোহাগ মিয়া বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে পানের দাম তুলনামূলক কম থাকে। তবে শীতের সময় পানের দাম বেড়ে যায়। এ কারণে চাষিরা বেশি দাম পাওয়ার আশায় শীতকালে বিক্রির জন্য পান রেখে দেন। তবে সাম্প্রতিক ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহের কারণে এবার সেই আশায় গুড়ে বালি। নারান্দী কুঁড়েরপাড় এলাকার পানচাষি জামাল উদ্দিন বলেন, ‘এবার বরজের পান বিক্রি করে শ্রমিকের মজুরির টাকাও উঠছে না। আমাদের পথে বসার উপক্রম হয়েছে।’উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, প্রতিবছরই শীত মৌসুমে বরজের কিছু পান ঝরে পড়ে। এ বছর অতিরিক্ত শৈত্যপ্রবাহের কারণে ঝরে পড়ার হার বেড়ে গেছে। এলাকার পানচাষিদের চরম ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।