মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী বুধবার (১ ফেব্রুয়ারি)। মোট ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী ১৪ লাখের ওপরে। গতবারের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে এক লাখের বেশি। অন্যদিকে নবম শ্রেণীতে নিবন্ধন করেও প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে না।গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরীক্ষার বিভিন্ন তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতবারের চেয়ে এবার ১০টি শিক্ষা বোর্ডে এক লাখ পাঁচ হাজার ৫৫ জন পরীক্ষার্থী বেড়েছে। গতবার পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ১৫ হাজার দুজন। এবার ১৪ লাখ ২০ হাজার ৫৭ জন। এর মধ্যে ছাত্র সাত লাখ ৩৫ হাজার ২২৯ জন ও ছাত্রী ছয় লাখ ৮৪ হাজার ৮২৮ জন।মাধ্যমিকে পরীক্ষার্থী ১০ লাখ ৫২ হাজার ৯৬৯ জন, দাখিলে দুই লাখ ৭৫ হাজার ৯৩০ জন এবং এসএসসি (ভোকেশনালে) ৯১ হাজার ১৫৮ জন। সারা দেশে দুই হাজার ৪৬৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বিদেশের সাতটি কেন্দ্রে পরীক্ষার্থী ২৭৪ জন।ঝরে গেছে সাড়ে চার লাখ: শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১০টি বোর্ডে দুই বছর আগে ২০১০-১১ শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে নিবন্ধন করেছিল ১৫ লাখ ৮৯ হাজার ৭৪৩ জন। নিয়মিত এসব শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিচ্ছে ১১ লাখ ৪৩ হাজার ৯৫১ জন। অর্থাৎ ঝরে গেছে চার লাখ ৪৫ হাজার ৭৯২ জন। তবে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী গতবারের চেয়ে বেশি। এবার অনিয়মিত পরীক্ষার্থী দুই লাখ ৭৪ হাজার ৬০৫ জন। মানোন্নয়নের জন্য পরীক্ষা দিচ্ছে এক হাজার ৫০৭ জন।ঝরে পড়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘ঝরে পড়া আমাদের দেশে একটি বড় সমস্যা। দীর্ঘদিনের এই সমস্যা আমরা কাটিয়ে উঠছি। ঝরে পড়ার মূল কারণ দারিদ্র্য। এ জন্য বিনা মূল্যে বই বিতরণ, উপবৃত্তি, দুপুরের খাবারসহ নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।’সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি ও গণিত ছাড়া বাকি সব বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতিবন্ধীরা নির্ধারিত সময়ের চেয়ে ২০ মিনিট বেশি পাবে। আগের পাবলিক পরীক্ষায় প্রতিবন্ধীরা বাড়তি সময় পেত ১৫ মিনিট।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুন নূর প্রমুখ।