মঙ্গলবার থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা
ঝরে পড়ছে বিপুল শিক্ষার্থী, কারণ বাল্যবিবাহ ও দারিদ্র্য
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে ১ নভেম্বর থেকে। বগুড়া জেলা থেকে এ বছর প্রায় ৪২ হাজার শিক্ষার্থী এই দুই পরীক্ষায় অংশ নিচ্ছে। তবে আরও প্রায় ১৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে না। নিম্নমাধ্যমিক পর্যায়ের তিন বছরের শিক্ষাজীবনে তারা সবাই ঝরে পড়েছে। দারিদ্র্য, বাল্যবিবাহসহ বিভিন্ন কারণে ঝরে পড়েছে বলে জানিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা।বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা ও উন্নয়ন) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে প্রায় ৪২ হাজার শিক্ষার্থী ভর্তি হলেও এবার ৩০ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে গত বছরের ফেল করা আরও প্রায় এক হাজার ৮৩৫ পরীক্ষার্থী। মাদ্রাসায় ভর্তি হয়েছিল প্রায় সাড়ে ১৪ হাজার শিক্ষার্থী। এবার জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১০ হাজার ১২৩ জন। ঝরে পড়েছে প্রায় চার হাজার শিক্ষার্থী। শিক্ষকেরা জানান, তুলনামূলকভাবে মাদ্রাসা থেকে ঝরে পড়েছে বেশি।জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রেজাউল করিম বলেন, প্রতিবছর বিপুল পরিমাণ শিক্ষার্থী দারিদ্র্যসহ বিভিন্ন কারণে ঝরে পড়ছে। এসব ঝরে পড়া রোধে অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে মাঠপর্যায়ে কাজ চলছে। শিক্ষকেরা এই কাজ করছে বলে তিনি জানান।