ঝরে পড়া এখনো বড় সমস্যা: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এখন প্রায় সব শিশু বিদ্যালয়ে যাচ্ছে। যদিও ঝরে পড়া এখনো একটি বড় সমস্যা।
আজ শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা: বাস্তবায়নে গতি প্রকৃতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী তাঁর বক্তৃতায় শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকারের আমলে নেওয়া বিভিন্ন উদ্যোগের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, প্রতিটি শিশুকে বছরের প্রথম দিনে নতুন বই দেওয়া হচ্ছে। এতে ঝরে পড়া কমছে।

কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, দক্ষ মানবসম্পদ তৈরি করতে ভবিষ্যতে অবশ্যই কারিগরি শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। ২০২০ সালে কারিগরি শিক্ষায় ভর্তির হার দেশের মোট শিক্ষার্থীর ২০ ভাগে উন্নীত করা হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা ক্ষেত্রে অবকাঠামো নির্মাণে সবচেয়ে বেশি ব্যয় করতে হচ্ছে। ২০২০ সাল নাগাদ প্রায় ২৪ হাজার ভবন নির্মাণ শেষ হবে।

আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান আবদুল খালেকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদ, সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক খন্দকার বজলুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির সদস্যসচিব শামসুন নাহার।