ঝরে পড়া ও অর্ধশিক্ষিত জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষায় যুক্ত করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে সরকার মহাপরিকল্পনা হাতে নেবে। সাধারণ শিক্ষাব্যবস্থায় অবহেলিত এ শিক্ষার মানোন্নয়নে সরকার সর ধরনের উদ্যোগ নেবে। বিশেষায়িত এ শিক্ষায় যুক্ত করা হবে ঝরে পড়া, অর্ধশিক্ষিত ও অশিক্ষিত কিশোর-যুবকদের। গতকাল শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর আইডিইবি মিলনায়তনে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০১০’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ করে দেশের অর্থনীতি, উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিপ্লব ঘটানো সম্ভব। কারিগরি শিক্ষা আমাদের সমাজের চেহারা পাল্টে দিতে পারে।’ নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমাদের অধিকাংশ ছাত্রছাত্রীকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করা হবে। কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা বোর্ড বা বেসরকারি উদ্যোগের বর্তমান হালহকিকত দিয়ে এ পরিবর্তন সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, এ খাতের উন্নয়নে বড় রকমের পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, বিভিন্ন কোর্স কারিকুলাম, সিলেবাস, ল্যাবরেটরি, ভর্তি-প্রক্রিয়াসহ প্রতিটি ক্ষেত্র আধুনিক ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হবে। অনেকে কারিগরি শিক্ষাকে যথেষ্ট সামাজিক মর্যাদাসম্পন্ন মনে করেন না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, যোগ্যতা, কর্মতৎপরতা ও সততা দিয়ে সাধারণ শিক্ষায় শিক্ষিতদের চেয়ে নিজেদের যোগ্যতর প্রমাণ করতে হবে। সমাজ নিজেই তখন ছাত্রছাত্রীদের মূল্যায়ন করবে। ছাত্রছাত্রীরা বেশি হারে কারিগরি শিক্ষার দিকে ঝুঁকবে।