ঝরে পড়া বেশির ভাগ মেয়ে বাল্যবিবাহের শিকার

সারা দেশের মতো টাঙ্গাইলের সখীপুরে গত বুধবার শুরু হওয়া এবারের জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) ও জেডিসি (জুনিয়র দাখিল সার্টিফিকেট) পরীক্ষায় ১৪৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এদের মধ্যে ৭৩ জন ছেলে ও ৭৬ জন মেয়ে। বেশির ভাগ মেয়ে বাল্যবিবাহ ও ছেলেরা দারিদ্র্যের কারণে শিক্ষাজীবন থেকে ঝরে গেছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ৪৯টি মাধ্যমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে ৪ হাজার ২৮৮ এবং ২৭টি মাদ্রাসা থেকে ৮৭৭ জন পরীক্ষার্থী নিবন্ধন করে। এদের মধ্যে দুটি কেন্দ্র ও পাঁচটি ভেন্যুতে জেএসসিতে ৫৫ জন মেয়ে, ৪৬ জন ছেলে ও জেডিসিতে ২১ জন মেয়ে, ২৭ জন ছেলে পরীক্ষায় অংশ নেয়নি।
সখীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার ২০৪ জন জেএসসিতে নিবন্ধন করলেও ১৩ ছাত্রী পরীক্ষায় অংশ নেয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাইউম বলেন, ‘খোঁজ নিয়ে যত দূর জেনেছি, বিয়ে হয়ে যাওয়ার কারণেই ওই মেয়েরা পরীক্ষায় অংশ নেয়নি।’
উপজেলার গোহাইলবাড়ি আবদুল গণি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বলেন, ‘আমার বিদ্যালয়ের একজন মেয়ে ও একজন ছেলে অনুপস্থিত রয়েছে। মেয়েটির বিয়ে হয়ে গেছে আর ছেলেটি রাজমিস্ত্রির কাজে যোগ দিয়েছে। শিক্ষাজীবন থেকে চিরদিনের জন্য ঝরে গেল ওরা।’
উপজেলার সাড়াসিয়া-বাসারচালা উচ্চবিদ্যালয়ের তিন ছাত্রী এবার জেএসসি পরীক্ষার জন্য নাম নিবন্ধন করলেও পরে আর প্রবেশপত্র সংগ্রহ করেনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কদ্দুছ বলেন, প্রবেশপত্র নেওয়ার জন্য তাদের খবর দেওয়া হয়। পরে ওই তিন ছাত্রীর বিয়ে হয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
সখীপুরের কালিদাস দাখিল মাদ্রাসা সুপার এবং মাদ্রাসা কেন্দ্রের সচিব মাওলানা হাবিবুর রহমান বলেন, মাদ্রাসার সুপার ও শিক্ষকদের মারফত তিনি জানতে পেরেছেন, অনুপস্থিত থাকা ওই সব মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় ও ছেলেরা দারিদ্র্যের শিকার হয়ে রোজগারের জন্য বিভিন্ন কাজে যোগ দেওয়ায় আর পরীক্ষায় অংশ নিতে পারেনি।
বগা প্রতিমা গ্রামের এক অভিভাবক বলেন, ‘পরীক্ষার ছয় মাস আগে মেয়ের জন্য ভালো একটা বিয়ের প্রস্তাব আসে। ছেলে বিদেশে থাকে। যৌতুক ছাড়া মেয়েকে বিয়ে দেওয়ায় এ সুযোগ আমি গ্রহণ করেছি। তবে ছেলেপক্ষ বিয়ের সময় বলেছিল, মেয়েকে পড়াশোনা করাবে। কিন্তু বিয়ের পর তারা কথা রাখেনি।’
সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়নব আক্তার বলেন, ‘আমার স্বামী বিদেশে থাকেন। ছেলে মামুন আহমেদ অষ্টম শ্রেণিতে পড়ার সময় মাদকাসক্ত হয়ে পড়ে। বাধ্য হয়ে আমি স্বামীর পরামর্শে অল্প বয়সেই পড়া বাদ দিয়ে ছেলেকে বিদেশ পাঠাই। তাই মামুন এবার পরীক্ষায় অংশ নিতে পারেনি।’
কচুয়া পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওই ভেন্যুর সচিব তুলা মিয়া বলেন, ‘এ কেন্দ্রে অনুপস্থিত থাকা পরীক্ষার্থীদের মধ্যে সাতজনই ছাত্রী। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা আমাকে জানিয়েছেন, অনুপস্থিত থাকা পাঁচ মেয়ের বিয়ে হওয়ায় ও দুজন অসুস্থ থাকায় এবার পরীক্ষায় অংশ নিতে পারেনি।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, বাল্যবিবাহের কারণে শিক্ষাজীবন থেকে এভাবে ঝরে পড়াটা খুবই হতাশাজনক। নারীশিক্ষার প্রসারে বাল্যবিবাহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ বিষয়ে দারিদ্র্যসহ অভিভাবকদের সচেতনতার অভাব রয়েছে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী সরকার বলেন, বাল্যবিবাহের কারণে এত বেশিসংখ্যক ছাত্রীর পরীক্ষা না দিতে পারাটা উদ্বেগজনক। অনেকে নিবন্ধন না করেই গোপনে মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছেন। তবে ভবিষ্যতে যাতে ঝরে পড়ার সংখ্যা কমে, সে চেষ্টা চালানো হচ্ছে বলে জানান ইউএনও।