ঝরে পড়া রোধে দরকার পাহাড়ি শিশুদের নিজ মাতৃভাষায় শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি বিভিন্ন জনগোষ্ঠীর শিশুদের বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার কমাতে মাতৃভাষাভিত্তিক প্রাথমিক শিক্ষা চালু করা ছাড়া আর কোনো বিকল্প নেই। শুধু ভাষাগত সমস্যার কারণে প্রাথমিক শিক্ষা শেষ করার আগেই বিদ্যালয় ত্যাগ করছে পাহাড়ি শিশুরা। গতকাল বুধবার বান্দরবানে ‘মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজন মাতৃভাষায় শিক্ষা’ শীর্ষক সেমিনারে ভাষাবিদ, শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষকেরা এ কথা বলেন।
বান্দরবান সদর উপজেলা রিসোর্স সেন্টার মিলনায়তনে বেসরকারি সংস্থা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধে মারমা ভাষাবিদ ক্যহ্লাউ চৌধুরী বলেন, ভাষাগত সমস্যার কারণে তিন পার্বত্য জেলায় বিশেষ করে বান্দরবানে ১১টি জনগোষ্ঠীর শিশুদের প্রাথমিক শিক্ষার অবস্থা অত্যন্ত নাজুক। দুর্গম এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে অর্ধেকের বেশি শিশু পাঠ্যবই ও পাঠদানের ভাষা বুঝতে না পেরে ঝরে পড়ছে।
লুলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চসাথোয়াই মারমা বলেন, জেলা ও উপজেলা শহরের বাইরে অনেক দুর্গম এলাকায় মানসম্মত শিক্ষা তো দূরের কথা, ভাষা না বোঝার কারণে শিশুদের পাঠদান করাও সম্ভব হয় না।
উজানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংপু মারমা বলেন, মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু করা জরুরি। কিন্তু সমস্যা হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষক-শিক্ষিকা কেউ নিজেদের ভাষায় লিখতে-পড়তে পারেন না।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ বলেন, শিক্ষকদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ছাড়া পাহাড়ি শিশুদের নিজ ভাষায় পাঠ্যবই দেওয়া হলেও পাঠদান সম্ভব হবে না। এর কারণ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু করার জন্য এখনো শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়নি।