ঝরে পড়া রোধ করতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের মাঠে শিশুদের মেলা। খুশির ঝিলিক সবার চোখে-মুখে। বিদ্যালয়ের এক পাশে বিরাট মঞ্চ। সেখানে বক্তব্য দিচ্ছেন সিলেটের জেলা প্রশাসক। সঙ্গে আছেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আরও অনেক। বিরাট ব্যানারে লেখা, ‘শিশুদের জন্য দুপুরের খাবার ব্যবস্থার উদ্বোধন।’দর্শক সারিতে বসা তৃতীয় শ্রেণীর ছাত্রী সোমা আক্তারকে জিজ্ঞেস করলাম ঘটনা কী? তোমাদের স্কুলে কিসের উৎ সব? ছাত্রীটির চটজলদি উত্তর: ‘আইজ থাকি ইসকুলো রোজ মাদানে (দুপুরে) খানি (খাবার) দিব। ইতার লাগি আমরা খুশি।’ গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এভাবেই উৎ সবমুখর ছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোসাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করে বিদ্যালয়মুখী করার জন্য উপজেলার এ বিদ্যালয়টি সব শিক্ষার্থীর জন্য দুপুরে একবেলা খাবারের ব্যবস্থা করেছে। বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুলের সহযোগিতায় মাসব্যাপী পরীক্ষামূলকভাবে চলবে এ কর্মসূচি। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল আলম বলেন, ‘উপজেলা শিক্ষা অফিস থেকে এ রকম একটা ধারণা দেওয়া হয়েছিল। আমরা শিক্ষকেরা বিষয়টি বিদ্যালয়ের পরিচালনা কমিটির সঙ্গে আলাপ করি। এ সময় স্থানীয় চেয়ারম্যান বাবরুল হোসেন এক মাস খরচ বহন করবেন বলে কথা দিলে আমরা আজ থেকেই আনুষ্ঠানিকভাবে এ কাজটি শুরু করলাম।’ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মৌলানা মখলিছুর রহমান বলেন, ‘কাজটি কঠিন। কিন্তু আমরা কমিটির সদস্য ও অভিভাবকেরা বিদ্যালয়ে শতভাগ ভর্তি নিশ্চিত করা ও ঝরে পড়া রোধ করতে কাজটি যেকোনো মূল্যে বাস্তবায়ন করব।’ স্থানীয় ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবরুল হোসেন বলেন, ‘বিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থী দরিদ্র। অনেক সময় পেটের ক্ষুধার জন্যও স্কুলে আসে না। আমরা ক্ষুদ্র একটি উদ্যোগ নিয়েছি। দেখা যাক কী হয়।’ গোয়াইনঘাটের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলীপময় দাশ চৌধুরী বলেন, বিষয়টি প্রশংসনীয়। উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী বলেন, এ উদ্যোগ উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে উৎ সাহ জোগাবে। জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল বলেন, ‘তাঁদের উদ্যোগকে স্বাগত জানাতে আমি এসেছি। তবে শিশুদের স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের জন্য আয়োজকদের অনুরোধ করেছি।’