ঝরে পড়া রোধে বেসরকারি উদ্যোগে টিফিন চালু!
ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের উদ্যোগে খুলনার ফুলতলা উপজেলার আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে দুপুরের খাবার (টিফিন) দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এবং বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে ‘স্কুল ফিডিং’ কার্যক্রমের আওয়াতায় এ পদ্ধতি শুরু করা হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা য়ায়, স্থানীয় একজন বিদ্যানুরাগী, একটি বেসরকারি ব্যাংক ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি এ কাজে অর্থ সহায়তা দিচ্ছে। গত ২২ ফেব্রুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসে এক দিন টিফিন দেওয়া হয়েছে। এ টিফিনে একটি কলা, এক টুকরো কেক ও একটি ডিম দেওয়া হয়। এর পরের মাসে দুই দিন করে, তার পরের মাসে চার দিন করে—এভাবে ক্রমান্বয়ে প্রতিদিন টিফিন দেওয়া হবে। সূত্রটি জানায়, এই কর্মসূচিতে অর্থ সহায়তা দিয়েছেন কুতুবুদ্দিন আহমেদ, ওয়ান ব্যাংক ও বিদ্যালয় ব্যবস্থানা কমিটি। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, খুলনা বিভাগের মধ্যে এই বিদ্যালয়টি প্রথম বেসরকারিভাবে ফিডিং কার্যক্রম চালু করেছে।প্রধান শিক্ষক প্রশান্ত কুমার রায় বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য যেসব শিক্ষার্থী স্কুল ছেড়ে মা-বাবার সঙ্গে কাজে বের হয়, তাঁদের স্কুলে আনা। আর এর জন্যই আমাদের ফিডিং কার্যক্রম। আমাদের যথেষ্ট অর্থ না থাকায় মাসে এক দিন করে খাবার দিচ্ছি। সমাজের বিত্তবানেরা এগিয়ে এলে প্রতিদিন শিক্ষার্থীদের খাবার দিতে পারব। আমাদের জানামতে, মাধ্যমিক বিদ্যালয়ে বেসরকারিভাবে এ কার্যক্রম বাংলাদেশে প্রথম।’ কুতুবুদ্দিন আহম্মেদ বলেন, ‘আমি ছয় বছর ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানে দরিদ্র মেধাবীদের সাহায্য করছি। এখন আমার এলাকায় আমি কাজ করছি। সে ক্ষেত্রে আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়কে বেশ ভালো লেগেছে। তাই তাদের পাশে এসে দাঁড়িয়েছি।’