ঝরে পড়া শিক্ষার্থীদের আশার আলো শিখন স্কুল
লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নে ঝরে পড়া শিক্ষার্থীদের মাঝে আশার আলো ছড়িয়েছে শিখন স্কুল। অসচ্ছল, প্রতিবন্ধী, চরাঞ্চল, ছাত্রীদের ক্ষেত্রে বাল্যবিবাহসহ নানা সীমাবদ্ধতায় ঝরে পড়া ৭৪০ জন শিক্ষার্থী শিখন স্কুলে পড়ে ২০১৬ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৮৫ শতাংশ ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছে।
আরডিআরএসবাংলাদেশ ২০১৩ সালে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক এবং সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায় রাজপুর ও খুনিয়াগাছে ৩১টি শিখন স্কুলে ৭৪০ জন (ছাত্র ৩৮৭, ছাত্রী ৩৫৩) শিক্ষার্থী নিয়ে কার্যক্রম শুরু করে। প্রতিটি শিখন স্কুলে একজন শিক্ষকের তত্ত্বাবধানে ২২-২৪ জন শিক্ষার্থী নিয়ে সুবিধাজনক স্থানে দিনের যেকোনো সময় তিন ঘণ্টা পড়ানো হয়।
রাজপুরের চরখলাইঘাট গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শেখ ফরিদ। ফরিদ তৃতীয় শ্রেণি পাস করার পর অভাবের কারণে পড়াশোনা বাদ দিয়ে দিনমজুরি শুরু করে। ২০১৪ সালে শিখন স্কুলে ফরিদ পুনরায় তৃতীয় শ্রেণিতে ভর্তি হয়। ২০১৬ সালের পিইসি পরীক্ষায় সে জিপিএ-৪.৫০ পায়। একই এলাকার রফিকুল ইসলামের ছেলে মশিয়ার রহমান তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ে তাজুল ইসলামের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করে। পরে মশিয়ার ২০১৩ সালে দেওয়ানির মোড় শিখন স্কুলে তৃতীয় শ্রেণিতে ভর্তি হয় ও ২০১৬ সালে পিইসি পরীক্ষায় জিপিএ-৪.২৫ পেয়ে উত্তীর্ণ হয়। একই এলাকার হাফিজুল ইসলামের মেয়ে কল্পনা আক্তার। দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়ার পর সে অভাবের কারণে পড়ালেখা বাদ দেয়। ২০১৩ সালে শিখন স্কুল চালু হলে সেখানে তৃতীয় শ্রেণিতে ভর্তি হয় সে। ২০১৬ সালে কল্পনা পিইসি পরীক্ষায় জিপিএ-৪.২০ পায়।
রাজপুরের চরখলাইঘাট গ্রামের আবদুল মালেকের মেয়ে মানিকা আক্তার চতুর্থ শ্রেণিতে পড়ার সময় ২০১৫ সালের ২৯ ডিসেম্বর বিয়ে হয়। এরপর সে শিখন স্কুলে পঞ্চম শ্রেণিতে ভর্তি হয়। ২০১৬ সালে মানিকা পিইসি পরীক্ষায় জিপিএ-৪.৭৫ পায়।
শিখন স্কুল থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রায় ৮৫ শতাংশই ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছে।
আরডিআরএস বাংলাদেশের লালমনিরহাটের কর্মসূচি ব্যবস্থাপক (মাঠ সমন্বয়) মাঈদুল ইসলাম বলেন, ‘ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মূলস্রোতে একত্র করার জন্য কাজ করছি। এ কাজে প্রাথমিক শিক্ষা বিভাগ বই প্রদানসহ অন্যান্য বিষয়ে সহযোগিতা করছে।’
লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন সরকার বলেন, আরডিআরএসের শিখন স্কুল কার্যক্রমটি প্রাথমিক স্তরের ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় স্কুলগামী করতে ইতিবাচক ভূমিকা রাখছে।