ঝরে পড়ায় ও আগামরা রোগে উদ্বিগ্ন কমলাচাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলায় বিভিন্ন বাগানে গান্ধিপোকাসহ বিভিন্ন ধরনের পোকার আক্রমণে গাছ থেকে কমলা ঝরে পড়ছে। দেখা দিয়েছে আগামরা রোগের প্রাদুর্ভাব। এতে গাছ শুকিয়ে মরে যাওয়ায় বাগানমালিক ও চাষিরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ অবস্থায় পরিপক্ব হওয়ার আগেই কমলা কম দামে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তাঁরা।

কমলাচাষিরা বলছেন, তাঁরা স্থানীয়ভাবে পাইকারের কাছে ১০০ কমলা ২০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বিক্রি করেছেন। এলাকার লালছড়া, জরিছড়া, রূপাছড়া, শুকনাছড়া ও হায়াছড়ার পাহাড়ি এলাকাতেই কমলার চাষ হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কমলার উৎপাদন নিশ্চিত করতে বর্ষাকালের পরপর কমলাগাছের ডাল ছাঁটাই ও খরার সময় সেচ দেওয়া প্রয়োজন। বিশেষ করে পৌষ থেকে ফাল্গুন মাসে সেচ দিলে রোগ ও পোকার আক্রমণ কম হবে। কমলা গাছে কার্টাপ গ্রুপের কীটনাশক ব্যবহার করলে গান্ধি, লিপমাইনরসহ অন্যান্য পোকা দমন করা সম্ভব। লেবুজাতীয় ফলে আগামরা (ডাই বেক) ও গামোসিস (গাছ থেকে আঠার মতো কষ ঝরা) রোগের চিকিৎসায় কপার-অক্সিক্লোরাইড ও হেক্সাকোনাজল গ্রুপের ছত্রাকনাশক ১৫ দিন পরপর তিনবার ছিটাতে হবে।

রূপাছড়ার কমলাচাষি মো. বাবুল মিয়া বলেন, ‘আমার বাগানে প্রায় দেড় শ গাছ আছে। এর মধ্যে ৭০-৮০টা গাছে কমলা এসেছে। কিন্তু প্রতিদিন গাছগুলো থেকে প্রায় ২০০ কমলা ঝরে পড়ছে। গান্ধিপোকা কমলার ওপর দিয়ে হেঁটে গেলে সেই কমলা ঝরে পড়ে।’

রূপাছড়ার ফখর উদ্দিন বলেন, গাছে প্রচুর কমলা আছে। কিন্তু ৪০ শতাংশ কমলা ঝরে পড়ছে। এ কারণে চাষিরা আগাম কমলা বিক্রি করে ফেলছেন। কমলা বড় হওয়ার আর সময় পায় না। মিষ্টি হতে পারে না। এ ছাড়া আগামরা রোগেও গাছ মরে যাচ্ছে। প্রথমে পাতা হলুদ হয়। এরপর ওপর থেকে মরতে মরতে নিচের দিকে আসে। তিনি আর বলেন, তাঁর প্রায় ৪০০ গাছ ছিল। গত দুই বছরে শতাধিক গাছ মারা গেছে। এগুলো কেটে ফেলেছেন। আগে কমলাচাষের একটি প্রকল্প ছিল। ২০০৮ থেকে সেই প্রকল্পটি বন্ধ। প্রকল্পের সময় প্রশিক্ষণ ও তাৎক্ষণিক পরামর্শে কমলাচাষিরা উপকৃত হয়েছেন।

লালছড়ার মো. মুর্শেদ মিয়া বলেন, ‘ফলন (কমলা) ঝরে যাচ্ছে। কারণ কইতাম পাররাম না। প্রায় দেড় মাস ধরে এই ঝরা শুরু অইছে। প্রতিদিন পাঁচ থেকে ছয় শ কমলা ঝরছে। একটা গাছে ৫০ থেকে আড়াই হাজার পর্যন্ত কমলা ধরে।’

মুর্শেদ মিয়া তাঁর একটি বাগানের মারা যাওয়া কমলাগাছ দেখালেন। পাতা ঝরে শুকনো গাছ দাঁড়িয়ে আছে। তাঁর বাগানের শতাধিক নতুন লাগানো গাছ এ রকমভাবে মারা গেছে। এই গাছ মরে যাওয়ায় নতুন করে বাগান তৈরিতে অনেকেই আর উৎসাহ পাচ্ছেন না।

জুড়ী উপজেলার কৃষি কর্মকর্তা দেবল সরকার বলেন, ‘নাগপুরী, দার্জিলিং ও খাসি এই তিন জাতের মধ্যে খাসি জাতের কমলারই বেশি চাষ হয়ে থাকে। ফল পাকার সময়েই গান্ধিপোকা আক্রমণ করে। আমরা নিয়মিত পরামর্শ দিই চাষিদের।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর মৌলভীবাজার জেলায় প্রায় আড়াই শ একর জমিতে কমলার চাষ হয়েছে। এর মধ্যে জুড়ী উপজেলায় দেড় শ একর, বড়লেখায় ৭৫ এবং অন্যান্য উপজেলায় ২৫ একর জমিতে কমলার চাষ হয়েছে। এবার জেলায় প্রতি হেক্টরে চার থেকে সাড়ে চার টন কমলা উৎপাদন হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের উপপরিচালক মো. শাহজাহান বলেন, নিয়মিত সেচ, সার ও কীটনাশক প্রয়োগের অভাবে কমলা ঝরে পড়ছে। কৃষি বিভাগের মাঠকর্মীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা চাষিদের এ বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন।