ঝরেই যাবে আশার ফুল?

জন্ম থেকেই হাসপাতালে হাসপাতালে ঘুরছে শিশুটি। চিকিৎসা পাচ্ছে না ঠিকঠাক। মাথার ভেতরে সারাক্ষণ ক্ষরণ হচ্ছে। শিশুটি তাই অচেতন হয়ে যাচ্ছে বারবার। কখনো খিঁচুনি দিচ্ছে, চিৎকার করছে। আগে টুকটাক কথা বলত। মাস দেড়েক ধরে তা-ও বন্ধ। অস্ত্রোপচার জরুরি। কিন্তু গরিব বাবা-মায়ের সেই সামর্থ্য কই!
ওর নাম আশরাফুল। বয়স সাড়ে পাঁচ বছর। গতকাল সোমবার আশরাফুলের সঙ্গে দেখা হয় ঢাকা শিশু হাসপাতালে। হাসপাতালের কাগজপত্র ঘেঁটে দেখা গেল, ছোট্ট আশরাফুলের মাথার ভেতরে সারাক্ষণ ক্ষরণ হচ্ছে (হাইড্রো কেফালাস)। সে জন্যই ও অচেতন হয়ে যাচ্ছে বারবার, জ্বরে ভুগছে।
আশরাফুলের মা রিনা বেগম বললেন, মাথার ভেতরে ওর এই সমস্যাটা ধরা পড়ে আট মাস বয়সে। তখন একবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা হয়েছিল ওর। তবে ‘জরুরি ভিত্তিতে ভর্তি করা প্রয়োজন’ চিকিৎসকের এমন মন্তব্যের পরও বিএসএমএমইউ ওকে আর ভর্তি করেনি।
আশরাফুলের চিকিৎসা নথি থেকে দেখা গেছে, গত ২০ নভেম্বর রাতে ওকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারও প্রায় ১০ ঘণ্টা আগে থেকে ও অচেতন ছিল। চিকিৎসকদের পরামর্শে সংকটাপন্ন অবস্থায় ২২ নভেম্বর ওকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের শিশু বিভাগে ভর্তির দুই দিন পর শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেরই নিউরোসার্জারি বিভাগে পাঠানো হয়। নিউরোসার্জারি বিভাগের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওর সিটি স্ক্যানও করানো হয়।
২২ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত আশরাফুল দুই দফায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি ছিল। এর মধ্যেই ২৩ ডিসেম্বর সকালে আশরাফুলের অস্ত্রোপচার হবে বলে জানান চিকিৎসকেরা। অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় ওষুধও কেনানো হয় বাবা আবদুল হান্নানকে দিয়ে। পরদিন বেলা তিনটায় তাঁরা জানিয়ে দেন, শিশুটির অস্ত্রোপচার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হবে না। ওকে নিতে হবে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট (নিনস) বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। ২৪ ডিসেম্বর ছাড়পত্র লিখে বিদায় করে দেওয়া হয় আশরাফুলকে। ওর গায়ে তখনো জ্বর, সঙ্গে খিঁচুনি। অভিভাবকেরা কাতর হয়ে একবার নিনসে একবার বিএসএমএমইউতে ছোটেন। দুটি হাসপাতালই ‘বিছানা খালি নেই’ স্লিপ ধরিয়ে বিদায় করে দেয়।
ঢাকা শিশু হাসপাতাল এখন শিশুটিকে ভর্তি রেখেছে। তবে আশরাফুলের অস্ত্রোপচার শিশু হাসপাতালে হবে না, সে কথা জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
চিকিৎসা না পেয়ে সাড়ে পাঁচ বছরের শিশুটিকে কেন ফিরিয়ে দেওয়া হলো, জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজের উপপরিচালক খাজা আবদুল গফুর তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি। তবে ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের একজন বিশেষজ্ঞ চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিনস ও বিএসএমএমইউতে শিশুদের নিউরোসার্জারির ব্যবস্থা আছে। ঢাকা মেডিকেল কলেজে শিশুদের জন্য বিশেষায়িত এই সেবার ব্যবস্থা নেই, প্রয়োজনীয় যন্ত্রপাতিও নেই।
আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান বলেছেন, বিছানার বাইরে রোগী রাখার কোনো নিয়ম নেই তাঁদের। একই কথা বলেছে নিনস কর্তৃপক্ষও।
গতকাল দুপুরে আশরাফুলের মা রিনা বেগম জানান, ঘুমের ওষুধ খাইয়ে কোনো রকমে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে আশরাফুলকে। আগে যা-ও অল্প-স্বল্প কথা বলত ছেলেটি, দেড় মাস ধরে তা-ও বন্ধ। স্বামী আবদুল হান্নান মৃধা একটি কারখানায় চার হাজার টাকা বেতনে নিরাপত্তারক্ষীর কাজ করেন। যে করেই হোক, তাঁরা সন্তানকে, তাঁদের আশার ফুলটিকে বাঁচিয়ে রাখতে চান।