ঝলম দক্ষিণ ইউপির নির্বাচন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনোনয়নপত্র ছিনতাইয়ের ঘটনায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন বাতিল করা হয়েছে।
ঝলম দক্ষিণ ইউপিতে চতুর্থ ধাপে ৭ মে ভোট হওয়ার কথা ছিল।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মো. সামসুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম গতকাল সোমবার দুপুরে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ৭ এপ্রিল রাত ১২টায় মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (বর্তমানে অব্যাহতিপ্রাপ্ত) এস এম নোমান উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে ঢুকে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমানের প্রতিদ্বন্দ্বী তিন চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র, চালানের কপি ও দলীয় মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। এ ঘটনার পর ওই রাতেই ছাত্রলীগের ওই নেতাকে আটক করে পুলিশ। ৮ এপ্রিল সকালে তাঁর বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় মামলা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজির হোসেন মিয়া। এরপর ওই মামলায় নোমানকে গ্রেপ্তার দেখানো হয়। নির্বাচন কমিশন সচিবালয়ে ওই ইউপির নির্বাচনী পরিবেশ সম্পর্কে তথ্য পাঠান জেলা নির্বাচন কর্মকর্তা। এ পরিপ্রেক্ষিতে ওই ইউপির নির্বাচন বাতিল করা হয়।