ঝলমলে তারকা-সন্ধ্যায় মুগ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু হলো অনুষ্ঠান। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঝলমলে বলরুমের আলোগুলো নিভে গেল মুহূর্তে, তবে ঘরটি অন্ধকার হলো না মোটেও; বরং অজস্র তারার আলোর ঝলকানিতে আরও উজ্জ্বল হয়ে জ্বলে উঠল মঞ্চখানি। ‘সানসিল্ক নিবেদিত নকশা মিলনমেলা’য় গতকাল সোমবার সন্ধ্যায় কথা-হাসি-গানে, আনন্দ আয়োজনে মিলেছিলেন অগুনতি তারকা। অনুষ্ঠানের পুরোটা সময় তাঁরাই তো জ্বালিয়ে রাখলেন আলো। দেশসেরা রূপবিশেষজ্ঞ, রান্নাবিদ, ফ্যাশন ডিজাইনার, উদ্যোক্তা, ক্রিকেটার, সংগীতশিল্পী, অভিনয়শিল্পী ও মডেলরা বিচিত্র পরিবেশনায় ছড়িয়ে দিলেন মুগ্ধতা, আর অন্যরা হলেন সেই মুগ্ধতার সাক্ষী। সবাই মিলে মেতে উঠলেন প্রাণের উৎসবে, যেন হয়ে উঠলেন সুখী পরিবারের সদস্য।
প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র ‘নকশা’-এর আয়োজনে সানসিল্ক নিবেদিত এ মিলনমেলা ছিল অনেকটাই অনানুষ্ঠানিক মেজাজের। প্রায় ১৭ বছরের পথচলায় এই ক্রোড়পত্রের সঙ্গে নানাভাবে জড়িয়ে আছেন যেসব মানুষ, মূলত এসেছিলেন তাঁরাই। অনুষ্ঠানের নানা পর্বে ‘নকশা’ নিয়ে তাঁরা বললেন তাঁদের ভাবনার কথা। রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান বললেন, ‘নকশার মডেলদের সাজিয়ে আমি আনন্দ পাই।’ ফ্যাশন ডিজাইনার চন্দ্র শেখর সাহার কথায় জানা গেল, ‘নকশার আয়োজনগুলো মনোমুগ্ধকর। ১৯৮১ সালে এ দেশে যখন পুরো মাত্রায় ফ্যাশনের চল শুরু হয়, সে সময় নকশা ছিল না, এখন আছে। একটা সম্ভাবনা যে আরেকটা সম্ভাবনাকে প্রাণিত করে, তার বড় উদাহরণ নকশা।’
অন্যদিকে মডেল-অভিনয়শিল্পী অপি করিম, বাঁধন, মেহ্জাবীন, অপু বিশ্বাস, ইমন কিংবা সংগীতশিল্পী শাকিলা জাফর, চন্দনা মজুমদার, মেহরীন, কনাসহ অনেক তারকাই নকশা নিয়ে অকপটে বলে গেলেন নিজের অনুভূতি। মঞ্চে এসে কথা বললেন চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা, জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন ও বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধান রূপালী চৌধুরী।
শুরুটা হয়েছিল বিকেল থেকেই। সোনারগাঁও হোটেলে একে অপরের সঙ্গে গল্পগুজবে মেতে উঠেছিলেন নানা অঙ্গনের তারকারা। তবে সন্ধ্যায় হোটেলের বলরুমে প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীনের সঞ্চালনার মধ্য দিয়ে যখন আনুষ্ঠানিকভাবে শুরু হলো অনুষ্ঠান, আয়োজনটি খোলতাই হলো আরেক পশলা। হরেক রকম পরিবেশনা—জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কবিতা অবলম্বনে পূজা সেনগুপ্তর নেতৃত্বে তুরঙ্গমীর নৃত্যশিল্পীদের মনোরম নাচ; স্বাগতা, সভ্যতা, সন্ধি ও মিথুন চক্রবর্তীর মন হরণ করা গান ও বাজনা; আজরা মাহমুদের কোরিওগ্রাফি ও পরিচালনায় জনপ্রিয় বিভিন্ন গানের সঙ্গে ভিন্নমাত্রার ফ্যাশন শোর আয়োজনটি ছিল জমজমাট এবং চমকে ভরপুর।
হ্যাঁ, চমক ছিল ফ্যাশন শোতে। ‘পরিবার’কে বিষয় করে আরও অনেক মডেলের সঙ্গে এই ফ্যাশন শোতে প্রথমবারের মতো অংশ নিলেন প্রবীণ অভিনয়শিল্পী দিলারা জামান ও প্রবীণ মডেল জামাল উদ্দিন। ফ্যাশন শোর সাজ ছিল কানিজ আলমাস খান ও পারসোনার। পোশাক সরবরাহ করেছে যাত্রা, ক্যাটস আই, ড্রেসিডেল, প্রাইড গার্লস, রঙ, ওটু, অরণ্য, স্টুডিও এমদাদ, মুমু মারিয়া, ব্যাঙ, মায়াসির, কে ক্র্যাফট ও জেন্টল পার্ক। সংগীত সমন্বয় করেছেন ডিজে রাহাত।

সানসিল্ক নিবেদিত নকশা মিলনমেলায় ফ্যাশন শোর বিষয় ছিল পরিবার। তাই শেষ কিউতে পরিবারের সবাই একসঙ্গে ধরা পড়লেন প্রথম আলোর ক্যামেরায় l ছবি: আবদুস সালাম
সানসিল্ক নিবেদিত নকশা মিলনমেলায় ফ্যাশন শোর বিষয় ছিল পরিবার। তাই শেষ কিউতে পরিবারের সবাই একসঙ্গে ধরা পড়লেন প্রথম আলোর ক্যামেরায় l ছবি: আবদুস সালাম

এই অনুষ্ঠানের আরেকটি চমক শম্পা রেজা ও বিদ্যা সিনহা মীমের একই সঙ্গে মঞ্চারোহণ। ১৯৯৮ সালের ১০ নভেম্বর প্রকাশিত প্রথম নকশার মডেল হয়েছিলেন শম্পা রেজা। আর আজকে প্রকাশিত নকশার ৮০৪তম সংখ্যার মডেল হয়েছেন মীম। দুই প্রজন্মের এই দুই মডেল-অভিনয়শিল্পী গতকাল মিলনমেলার মঞ্চে করলেন নানা স্মৃতিচারণা। তাঁদের টুকরো টুকরো কথামালায় এ পর্বটি হয়ে ওঠে ঝলমলে। প্রতিটি পরিবেশনা শেষে মুহুর্মুহু করতালি ও হর্ষধ্বনি—এই ছিল পুরো অনুষ্ঠানের চিত্র।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কামরান বকর এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
কামরান বকর বলেন, ‘সৌন্দর্য ও ফ্যাশন তুলে ধরতে নকশার ভূমিকা অনন্য। সানসিল্ক ও নকশার আজকের এই আয়োজন সবাইকে এক করার প্রয়াস।’
মতিউর রহমান বলেন, ‘সংবাদপত্রে প্রতিদিন নানা রকম দুঃসংবাদ ছাপা হয়। এর মধ্যে নকশাসহ প্রথম আলোর অন্যান্য ক্রোড়পত্রের মাধ্যমে পাঠককে অনুপ্রেরণাদায়ক বিভিন্ন কিছু উপহার দিতে চাই আমরা। প্রথম আলো সময়ের সঙ্গে থাকতে চায়, প্রগতিশীল নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে। নকশার মধ্য দিয়ে আমরা এ কথাই বলতে চাই।’
অনুষ্ঠানের মঞ্চটি ছিল সামির হিমেল ও স্টুডিও অ্যাশের তৈরি করা। আগামী মঙ্গলবারের নকশায় এই মিলনমেলার বিস্তারিত প্রকাশিত হবে।